সিলেট বিভাগ

ঝাড়ু দেওয়ার কথা বলে ছাত্রীকে ধর্ষণ!

নিউজ ডেস্ক:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আমুকোনা গ্রামে ৬ষ্ঠ শ্রেণির ১৪ বছরের এক ছাত্রীকে একাধিকবার ধর্ষণের ঘটনায় মাওলানা সামছুল ইসলাম নামের এক মসজিদের ঈমামকে মসজিদের সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন মসজিদ কমিটি। তবে, রহস্যজনক কারণে তাকে আইনের হাতে তুলে দেননি স্থানীয় মুরব্বীরা!

জানা যায়, ওই ছাত্রী ঈমামের কাছে আরবি শিক্ষা গ্রহণ করতো। এই সুযোগে মসজিদের ঈমাম মাওলানা সামছুল ইসলাম তিনি ওই ছাত্রীকে প্রায়ই ধর্ষণ করতেন বলে অভিযোগ করে ধর্ষণের শিকার কিশোরী। ঘটনাটি এলাকায় লোকমুখে জানাজানি হলে মসজিদের ইমামকে গত শুত্রুবার বিভিন্ন অজুহাতে অব্যাহতি দিলেও মসজিদ কমিটি আইনের হাতে তুলে দেয়নি। এ ঘটনায় এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে। মেয়েটির অসহায় দিনমজুর পিতা না পারছেন সইতে, না পারছেন ধর্ষককে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে।

এক প্রশ্নের জবাবে ধর্ষিতার পিতা বলেন, ‘পেটের তাগিদে আমাকে দিন মজুরের কাজে নিজ জেলা শহরের বাইরে সব সময়ই থাকতে হয়। তাই এই বিষয়টি এতদিন অবগত ছিলাম না। তাই আজকে বিষয়টি শোনে আমি হতবাক।’ তবে, রহস্যজনক কারণে ও গ্রামের প্রভাবশালীদের ভয়ে তিনি আইনের আশ্রয় নিতেও ভয় পাচ্ছেন বলে অভিযোগ করেন।

ধর্ষক ইমাম একই উপজেলার দূর্লভপুর গ্রামের বাসিন্দা। তিনি বিগত ৫ বছর ধরে আউশকান্দি ইউনিয়নের আমুকোনা জামে মসজিদের ইমাম হিসেবে চাকরি করে আসছিলেন।

ধর্ষণের শিকার কিশোরী জানায়, সে স্থানীয় মাদরাসায় ৬ষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করে। সে প্রতিদিন সকালে মসজিদে গ্রামের অন্যান্য শিশু-কিশোরদের সাথে গ্রামের মসজিদের ইমাম সামছুল ইসলামের নিকট ধর্মীয় শিক্ষা আরবি পড়তে যেতো। পড়া শেষে সবাইকে ছুটি দিলেও ধর্মীয় শিক্ষক ইমাম সামছুল ইসলাম তাকে ছুটি দেননি। ঝাড়ু দেওয়ার কথাসহ বিভিন্ন কাজের অজুহাত দেখিয়ে তিনি কিশোরীকে নিজের কক্ষে ডেকে নিয়ে যেতেন। পরে ঘরের দরজা বন্ধ করে ইমাম তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এরপর থেকে একাধিক বার নানাভাবে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে তার সাথে অনৈতিক কাজ করেন। মেয়েটি ভয়ে বিষয়টি কাউকে না জানিয়ে বুকে চেপে রাখে। অবশেষে ইমামের সন্দেহজনক আচরণে ও মেয়েটিকে প্রতিদিনই ইমামের কক্ষে নিয়ে আটকে রাখার ঘটনায় মেয়ের পরিবারের লোকজন ও পাড়া প্রতিবেশীরা ভিকটিমকে জিজ্ঞেস করলে সে এই ঘটনার বর্ণনা দেয়। শুধু তাই নয়, গত ১৬মার্চ একইভাবে তাকে আবারো স্থানীয় গোপলার বাজারে একটি বাসাতে নিয়ে একইভাবে ধর্ষণ করা হয়। এসব কথা কারো কাছে বললে তাকে মেরে ফেলা হবে বলেও শাসিয়ে দেন ইমাম। লজ্জা-শরমের ভয়ে কাউকে না বললেও বাড়িতে এসে তার মা সহ প্রতিবেশী এক দাদীর নিকট বিষয়টি খুলে বলে মেয়েটি। এ খবর গ্রামবাসী তথা মসজিদ কমিটির লোকজনের মধ্যে জানাজানি হলে ইমামকে মসজিদের ইমামতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের অনেকেই বলেন, শবে বরাতের পরে বিষয়টি সামাজিকভাবে মিমাংসা করার কথা রয়েছে। এজন্য মেয়েটির পরিবার আইনের আশ্রয় নেয়নি।

এ ব্যাপারে অভিযুক্ত ইমাম সামছুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি মেয়েটিকে কখন ধর্ষণ করেছি, আমার মনে নেই। আমি এসব করি নি, আমার মোতাওয়াল্লী সাহেব সব জানেন।’

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) ডালিম আহমেদ বলেন, এ ঘটনায় মসজিদ কমিটি ধর্ষককে আইনের হাতে তুলে না দিয়ে অব্যাহতি দিয়ে তারা দায়ভার এড়াতে পারেন না ও ভিকটিমের পক্ষ থেকে এখনো কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Related Articles

Back to top button