সারাদেশ

বৌভাতে চেয়ারে বসা নিয়ে সংঘর্ষ, অতঃপর…

নিউজ ডেস্ক:
ভোলায় বৌভাবের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বর ও কনে পক্ষের কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের সাতজন আহত হয়েছেন।

রোববার বিকেলে সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের মধ্য বাঘমারা গ্রামের ফরাজি বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত কনের মামা জাফর ও বরের ভাগ্নে নুরে আলমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া মোসলেহ উদ্দিন ও শারমিন নামে দুইজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, সম্প্রতি ফরাজি বাড়ির মো. ভুট্টোর সৌদি প্রবাসী ছেলে আবু সাঈদের সঙ্গে একই এলাকার সাবেক ইউপি সদস্য মো. তারেকের মেয়ে আছমা বেগমের বিয়ে হয়। রোববার দুপুরে বরের বাড়িতে বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কনে পক্ষের নিমন্ত্রিত অতিথিদের চেয়ারে বসা নিয়ে বর পক্ষের লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর মধ্যে বর পক্ষের মো. মিজান ও শাহাদাত মোটরসাইকেলে এসে কনের মামা মো. জাফরের বুকে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত হন জাফর। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভেলুমিয়া ফাঁড়ির পুলিশ।

সদর মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর মিজান ও শাহাদত মোটরসাইকেলে এসে জাফরকে ছুরিকাঘাত করেন। পরে তাদের আটক করা হয়েছে।

Related Articles

Back to top button