কোম্পানীগঞ্জে ফের পাথরচাপায় শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্ট:
তবুও থেমে নেই মৃত্যুর মিছিল। ক্রমেই বাড়ছে পাথরচাপায় মৃত্যু। কোম্পানীগঞ্জে কংশ বিশ্বাস (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে কোম্পানীগঞ্জের উৎমাছড়া পাথর কোয়ারিতে চাপা পড়ে এ শ্রমিকের মৃত্যু হয়। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার মৃত গোপাল বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার উপজেলার উৎমাছড়ার বাদল সিং ও আল আমিনের কোয়ারিতে গোপনে পাথর উত্তোলন করছিলেন কয়েকজন শ্রমিক। দুপুর ১টার দিকে ট্রাক্টরে পাথর তুলতে গিয়ে ওই শ্রমিক পাথরের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান- দুপুর একটার দিকে ঘটনার পর খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সিলেট এমএমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। লাশ এখনো পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি।
এ ঘটনায় বাদল সিং-কে প্রধান আসামি করে আরও ৩ কয়েকজনকে অজ্ঞাত করে নিহতের স্ত্রী বাসন্তি বিশ্বাস বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।




