আকবরকে রিমান্ডে নেবে পিবিআই

নিউজ ডেস্ক: সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিহত রায়হান আহমদ হত্যার নেপথ্যে থাকা এসআই আকবর হোসেন ভূঁইয়াকে (বরখাস্ত) মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ২টার দিকে আদালতে হাজির করবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার জেলা পুলিশ রাত ৭টার দিকে আকবরকে পিবিআই কাছে হস্তান্তর করেছে। ওইদিন রাতেই পিবিআই তাদের কার্যালয়ে আকবরকে কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) আকবরকে আদালতে হাজির করে পিবিআই তদন্ত কর্মকর্তা ৭দিনের রিমান্ড আবেদন করবেন। রিমান্ড মঞ্জুর হলে পিবিআই রায়হান হত্যার মূল রহস্য উদঘাটনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করবে বলে পিবিআই একটি সূত্র নিশ্চিত করেছে।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পুলিশ পরিদর্শক আওলাদ হোসেন বলেন, জেলা পুলিশের কাছ থেকে রায়হানকে আমাদের (পিবিআই) হেফাজতে নিয়ে আসা হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) তাকে আদালতে নেয়া হবে। এসময় রিমান্ডের আবেদন করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, উর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।




