স্থায়ী জামিন পেলেন কুসিক মেয়র সাক্কু


নিউজ ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় স্থায়ী জামিন পেয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু। একইসঙ্গে মামলাটি বিশেষ আদালতে বদলি করে অভিযোগ গঠনের শুনানির জন্য ১২ জুন দিন ধার্য করেছেন আদালত।
২৪ মে বুধবার তার জামিনের মেয়াদ শেষ হওয়ায় আইনজীবীর মাধ্যমে স্থায়ী জামিনের আবেদন করলে ঢাকা মহানগর সিনিয়ার স্পেশাল জজ কামরুল হোসেন মোল্লা জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে, গত ৯ মে ঢাকা মহানগর দায়রা জজের ভারপ্রাপ্ত বিচারক জাহিদুল কবিরের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকার বিনিময়ে ২৪ মে পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছিলেন আদালত।
মামলার এজাহার থেকে জানা যায়, ৪ কোটি ৫৭ লাখ ৭১ হাজার ৯৩৩ টাকার জ্ঞাত আয়বহির্ভুত অবৈধ সম্পদ অর্জন ও ১ কোটি ১২ লাখ ৪০ হাজার ১২০ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দিয়ে দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন সাক্কু।
এ অভিযোগে ২০০৮ সালের ৭ জানুয়ারি রাজধানীর রমনা থানায় মামলা করেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক শাহিন আরা মমতাজ। মামলায় ৪ ফেব্রুয়ারি ২০১৬ সালের সাক্কুর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদক।




