রেনেসাঁ’র গল্প!


নিউজ ডেস্ক: ২০১০ সালের ৭ এপ্রিল। কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির চৌদ্দ জন কিশোর মিলিত হয়েছে সরকারি স্কুল সংলগ্ন সুরমা নদীর তীরে একটি বট গাছের তলায়। উদ্দেশ্য জীবনের স্বার্থপর গণ্ডী পেরিয়ে সমাজ ও সমষ্টির কল্যাণে কাজ করা। যেই চিন্তা সেই কাজ শুরু। সেদিনের ছোট্ট কিশোরেরা ছুটে গেল তাদের প্রিয় শিক্ষক এমদাদ স্যারের কাছে। উদ্দেশ্য একটি চ্যারিটি সংগঠন গড়ে তোলার প্রক্রিয়া সম্পর্কে ধারণা নেওয়া। স্যার অনেকগুলো নাম ও থিম প্রস্তাব করলেন। অবশেষে সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হলো সংগঠনের নাম হবে ‘রেনেসাঁ’, স্লোগান হবে ‘আমরা তিমির নাশ করবো’। সেই থেকে এই স্লোগানকে সামনে রেখে একদল স্বপ্নবাজ তরুণদের স্বপ্নের সমাজ বিনির্মানের পথে যাত্রা শুরু। সেই উদ্যমী কিশোররা স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে সংগঠনের তহবিল গঠনের কাজ শুরু করে। সপ্তাহে ১০ টাকা হারে মাসিক ৪০ টাকা। এভাবে শুরু হয় রেনেসাঁ-র তহবিল গঠনের কাজ। ক্ষুদ্র তহবিল দিয়ে শুরু হয় রেনেসাঁর সেবা কার্যক্রম। এরপরের অনেক গল্প ….। হাটি হাটি পা পা করে রেনেসাঁ এখন অষ্টম বছরে পা দিয়েছে। রেনেসাঁ-র এই দীর্ঘ যাত্রায় জমা হয়েছে অনেক অভিজ্ঞতা ও সাফল্য। এসব সাফল্য রেনেসাঁ-কে আরও অনেক দূর স্বপ্নের পথে এগিয়ে নিয়ে যাবে……..।
লেখক : মিছবা উল হক চৌধুরী
সভাপতি, রেনেসাঁ, সিলেট



