জাতীয়লিড নিউজ

ভিসার মেয়াদ বাড়াতে সম্মত সৌদি আরব: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক: যে সকল বাংলাদেশি তাদের কর্মস্থল সৌদি আরবে ফিরে যেতে চান তাদের ভিসার মেয়াদ বাড়িয়ে দিতে সম্মত হয়েছে সৌদি সরকার।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন ফোনে বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, ‘মাত্রই আমাদের রাষ্ট্রদূত আমাকে ইতিবাচক ফলাফল জানাতে ফোন করেছিলেন।’

করোনার কারণে মার্চের শেষের দিকে বিশ্বের বিভিন্ন দেশের মতো সৌদির সঙ্গেও সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে যায়। এতে ছুটিতে দেশে আসা অনেক প্রবাসী কর্মীরা ঠিক সময়ে আর ফিরতে পারেননি। এরমধ্যে হঠাৎ করেই সৌদি সরকার ঘোষণা দেয়, ৩০ সেপ্টেম্বরের মধ্যে সৌদি আরবে ফিরতে হবে কর্মীদের।

এ অবস্থায় গত কয়েকদিন ধরে বিমানের টিকিট এবং ভিসার মেয়াদ বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছেন দেশে আটকেপড়া প্রবাসীরা। বুধবার তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন। এর প্রেক্ষিতে বুধবার প্রবাসী কল্যাণ এবং পররাষ্ট্রসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বৈঠকে বসে।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, এ ধরনের বিক্ষোভ বা আন্দোলন করলে সৌদি আরবের কাছে ভুল বার্তা যাবে। সৌদি আরবে ফিরে যেতে ইচ্ছুক প্রবাসী বাংলাদেশিদের বিশৃঙ্খলা না করে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে করোনা মহামারী পরিস্থিতিতে দেশে ছুটিতে এসে আটকেপড়া বাংলাদেশিদের জন্য আকামা কিংবা ভিসার মেয়াদ আরও তিন মাস বাড়ানোর অনুরোধ জানিয়ে গেল মঙ্গলবার সৌদি সরকারকে চিঠি দেয় বাংলাদেশ। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই চিঠি দেয় দেশটিতে বাংলাদেশ দূতাবাস। চিঠিতে বাংলাদেশের নাগরিকদের আকামা কিংবা ভিসা- যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী মেয়াদ তিন মাস বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।

Related Articles

Back to top button