লিড নিউজসিলেট বিভাগ

সিলেটে পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার

নিউজ ডেস্ক: সিলেটে চাঁদাবাজির অভিযোগে পণ্য পরিবহন শ্রমিকদের ডাকা তিনদিনের পরিবহন ধর্মঘট ৯ ঘণ্টা পরই প্রত্যাহার করে নেয়া হয়েছে। রোববার বিকেল ৩টায় সিলেট জেলা এসপির কার্যালয়ে পুলিশ প্রশাসন ও শ্রমিকদের এক বৈঠকে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা। এ সময় ভার্চুয়াল পদ্ধতিতে বৈঠকে অংশ নেন সিলেটের ডিসি এম.কাজী এমদাদুল ইসলাম।
সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সিলেট-তামাবিল সড়কে বাঁশকল বসিয়ে রয়েলিটির নামে চাঁদা গ্রহণের অভিযোগে রোববার সকাল ৬টা থেকে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দেয় জেলা ট্রাক মালিক গ্রুপ এবং সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।

পরিবহন নেতা আবু সরকার বলেন, সিলেট-তামাবিল মহাসড়কে বাঁশকল বসিয়ে রয়েলিটির নামে চাঁদাবাজি, সড়কে চাঁদাবাজিসহ কয়েকটি দাবিতে রোববার সকাল থেকে জেলায় ধর্মঘট পালন করা হয়। এরপর দুপুরে প্রশাসনের পক্ষ থেকে আমাদের সঙ্গে বৈঠক করা হবে বলে জানানো হয়। পরে বিকেল ৩টায় এসপির কার্যালয়ে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরি। এ সময় আমাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়ায় অবরোধ প্রত্যাহার করা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট জেলা পুলিশের এসপি মো. ফরিদ উদ্দিন, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল ও সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকারসহ পরিবহন নেতারা।

এছাড়া বৈঠকে টেলি কনফারেন্সে যোগ দেন ডিসি এম কাজী এমদাদুল ইসলাম।

Related Articles

Back to top button