লিড নিউজসিলেট

বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসন, জরিমানা

নিউজ ডেস্ক: সিলেটে নগরীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়ে। এসময় নগরীর আটটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

বুধবার (২ অক্টোবর) নগরীর কালীঘাট বাজার ও রিকাবিবাজারে বাজার মনিটরিং কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও  ড্রাগ অ্যাক্টসে ৫২ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কালীঘাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা দণ্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়।

একই সময় বাজারের অন্য ব্যবসায়ীদের দ্রব্যের মূল্য তালিকা প্রদর্শন ও যৌক্তিক মূল্যে দ্রব্যাদি বিক্রির পরামর্শ দেয়া হয়। জেলা বাজার কর্মকর্তা মোর্শেদ কাদের ও পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

অপরদিকে নগরীর রিকাবিবাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়ের নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় ড্রাগ অ্যাক্টস ১৯৪০ অনুযায়ী একটি ঔষধের দোকানকে ২ হাজার টাকা জরিমানা দণ্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়ে। সিলেট জেলার ড্রাগ সুপার ও পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

এদিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সহনীয় পর্যায়ে রাখতে জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও জেলা প্রশাসন সূত্রে জানা যায়।

Related Articles

Back to top button