

মায়ের ভালোবাসা অকৃত্রিম শ্বাসত্ব। অবিচ্ছেদ্য বাঁধনে মায়ের চিরায়ত স্নেহ মমতা আর ভলোবাসার ভান্ডারদূর কখনো শূন্য হবার নয়। আজ মে মাসের দ্বিতীয় রোববার। বিশ্ব মা দিবস। দিনটি উপলক্ষে মাকে ভালোবাসা জানিয়েছেন বহু সন্তান। আর সবার মতো শোবিজের তারকারাও তাদের মায়েদের নিয়ে স্মৃতিচারণ করেন।
মা দিবসে মাকে নিয়ে অভিনেত্রী মেহজাবিন বলেন, আমার জীবনে চলার পথের প্রতিটি পদক্ষেপে আম্মু আমাকে সাহস যুগিয়েছেন। অভিনয় জীবনের আজকের সাফল্যের পেছনেও আম্মুর অবদান বেশি। যে কারণে আমি আজকের মেহজাবিন হতে পেরেছি। না জেনে না বুঝে আম্মুকে কষ্ট দিয়েছি। তবে তাকে অনেক বেশি কষ্ট দেইনি আমি। তারপরও আম্মুর কাছে সরি। আম্মু প্রায়ই তার শরীরের নানা সমস্যা নিয়ে কথা বলেন। এসব কথা যখন শুনি তখন মনে হয় নিজের শরীরটা কেটে যদি আম্মুকে দিয়ে দিতে পারতাম, তাতেও যদি আম্মু পুরোপুরি সুস্থ থাকতেন আমি শান্তি পেতাম।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এই অভিনেতার জীবনের যা কিছু প্রাপ্তি, যা কিছু অর্জন সব কিছুর নেপথ্যে যে মানুষটির উৎসাহ, অনুপ্রেরণা সবচেয়ে বেশি, তিনি তার মা।
মা-কে নিয়ে অপূর্ব বলেন, আমার জীবনের যা কিছু প্রাপ্তি, যা কিছু অর্জন সব কিছুর নেপথ্যে যে মানুষটির উৎসাহ, অনুপ্রেরণা সবচেয়ে বেশি, তিনি আমার মা। ছোটবেলা থেকেই আমার প্রতিটি কাজে আম্মু আমাকে উৎসাহ দিয়ে আগামীতে আরো ভালো করতে সাহস দিতেন। এটা সত্যি, আয়োজন করে কখনোই বলা হয়ে ওঠে না মাকে সত্যিকারার্থে কতটা ভালোবাসি। অবশ্য এটা আম্মুও বুঝেন আমি তাকে কতটা ভালোবাসি। দোয়া করি মা তুমি সুস্থ থাক, আমাদের পাশে থাক সারাটি জীবন। তোমার ভালোবাসার মাঝেই বেঁচে থাকতে চাই। আম্মু তুমি ছাড়া এ জীবন শূন্য, কারণ তোমাতেই আমি পূর্ণ।
দেশের জনপ্রিয় লোকসংগীত শিল্পী মমতাজ মনে করেন আজকের অবস্থানের পেছনে সবচেয়ে বেশি যে মানুষটির অবদান তিনি তার মা উজালা বেগম। বিশ্ব মা দিবসে তার মাকে নিয়ে এমন কথারই ইঙ্গিত দিয়েছেন।
মমতাজ বলেন, সারাটা জীবন মা আমাদের জন্য কষ্ট করে গেলেন। আমার আজকের মমতাজ হয়ে উঠা, আমার আজকের সংসদ সদস্য হয়ে উঠা সর্বোপরি একজন ভালো মানুষ হয়ে উঠার নেপথ্যে যে মানুষটির অবদান অস্বীকার করার উপায় নেই তিনি আমার মহান হৃদয়ের অধিকারী আমার মা। মা সবসময়ই বলতেন, আশা ছেড়োনা-জীবনে সুন্দর সময় একদিন না একদিন আসবেই। মায়েদের স্বপ্ন যে অপূরণ রাখেন না আল্লাহ আমাকে দিয়েই যেন তা প্রমাণ করে দিয়েছেন। আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা যে তিনি এমন মায়ের গর্ভে আমাকে জন্ম দিয়েছেন। এখন শুধু মাকে ঘিরে একটাই চাওয়া আমার মা যেন জীবনের শেষ দিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি’সহ আমার পরিবারের সবাইকে নিয়ে তিনি যেন হাসি আনন্দে কাটিয়ে দিতে পারেন।
মা দিবসে ঢাকাইয়া সিনেমার জনপ্রিয় নায়িকা বুবলী জানালেন মায়ের সঙ্গে তার কথা। তিনি বলেন, আমি একটু ঘরকুনো স্বভাবের! নিজের মতো থাকতে পছন্দ করি। আর বাবা-মা-ভাই-বোনদের সঙ্গে সময় কাটাতে ভীষণ পছন্দ করি। বাসায় বসে বসে আম্মুকে জ্বালানো তো আমার একটা রুটিন! তিন বোনদের মধ্যে আমি সবার ছোট। তাই আমার জন্য আদরটাও সবসময় একটু বেশিই থাকে। তবে আম্মু আমাকে যেমন ভালোবাসে, তেমন শাসনও করে। প্রচণ্ড ভালোবাসি আমার মাকে। হয়তো কখনো আম্মুকে বলা হয়না ওভাবে কিন্তু নিজে অনুভব করি। মা আমার অক্সিজেন। আসলে মায়ের অবদান বা ভালোবাসা কখনো বলে শেষ করা যায়না।
বিদ্যা সিনহা মিম। লাক্স তারকা হয়ে শোবিজে পা রাখেন। তারপর মু্গ্ধতার গল্প শুনিয়েই চলেছেন ছোট ও বড় পর্দাতে। এই তারকার কাছে তার মা সেরা সঙ্গীদের মধ্যে অন্যতম। নিজের ভালো-মন্দ সব অনুভূতির প্রকাশও করেন তিনি মায়ের কাছে। মিমের মায়ের নাম ছবি সাহা। তিনি আদর্শ গৃহিণীর মতোই সামলে চলেছেন মিমের বাবা ও ছোট বোনকে নিয়ে সাজানো সংসার।
সাইমন সাদিকের জন্ম রাজনৈতিক একটি পরিবারে। বাবাকে ছোটবেলা থেকেই দেখেছেন মানুষের সেবায়। তাই সন্তানেরা মাকে ঘিরেই রচনা করেই ভালোবাসার পৃথিবী। এই নায়ক মনে করেন, মায়ের হাসি যে সন্তানের জন্য উৎসর্গ থাকে তার মতো সৌভাগ্যবান সন্তান আর কেউ নয়। মাকে খুশি করাই সব সন্তানের ব্রত হওয়া উচিত বলে মানেন তিনি। সাইমনের মায়ের নাম উম্মে কুলসুম। তিনি একজন গৃহিণী।




