লকডাউনে সিলেটে ট্রেন আসা নিয়ে তোলপাড়: দ্রুত ব্যবস্থা নিতে সুপারিশ


নিউজ ডেস্ক: করোনাভাইরাসের ভয়াবহ সময়ে লকডাউন ভেঙে দু’টি বগি নিয়ে একটি ট্রেন গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় সিলেটে আসে। ট্রেনটি থেকে অর্ধশতাধিক যাত্রী নামার দৃশ্য দেখা গেছে সিসি টিভি ফুটেজে। ঘটনাটি নিয়ে গতকাল থেকেই সিলেটসহ সারা দেশে শুরু হয়েছে তোলাপাড়।
এদিকে, ট্রেনের যাত্রী নিয়ে রেলওয়ে কর্মকর্তাদের ছলচাতুরিমূলক কথা আর সিটি টিভি ফুটেজে সাধারণ যাত্রী আসার সত্যতা প্রমাণের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ২৩ জনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে রেলপথ মন্ত্রণালয়ের প্রতি সুপারিশ জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
এ বিষয়ে জেলা প্রশাসক সংবাদমাধ্যমকে বলেন, ‘নিয়ম ভেঙে সিলেটে আসা ট্রেনের যাত্রী নিয়ে স্টেশন ম্যানেজার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কথায় অসঙ্গতি রয়েছে। রেলের ২৩ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে রেলপথ মন্ত্রণালয়ে শনিবার (১৮ এপ্রিল) রাতেই সুপারিশ জানানো হয়েছে।’
গতকাল শনিবার (১৮ এপ্রিল) দু’টি বগিসম্পন্ন একটি ট্রেন বিকেল সাড়ে ৫টায় সিলেট রেল স্টেশনে এসে পৌঁছে। ট্রেনটি থেকে ৫৪জন যাত্রী নেমে স্টেশন ছেড়ে বেরিয়ে যেতে দেখা গেছে। খবর পেয়ে দ্রুত রেল স্টেশনে ছুটে যান সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর এরশাদ মিয়া (এনডিসি)। গিয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখতে পান- ট্রেন থেকে ৫৪ জন লোক নেমেছেন।
এদিকে, সিলেট রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ ভোলাগঞ্জ ও সিলেট স্টেশনের জন্য ২৩ জনের হিসেব দিলেও বাকি যাত্রী কোথা থেকে এলো- এর কোনো হিসাব দিতে পারেনি ।
এসব বিষয়ে এরশাদ মিয়া (এনডিসি) বলেন, লকডাউন ভেঙে সিলেটে ট্রেন আসার আগে জেলা প্রশাসকের অনুমতি নেওয়া উচিত ছিলো। নিয়ম ভেঙে আসা ওই ট্রেনে রেলওয়ের স্টাফ ছিলেন ২৩ জন।
তিনি বলেন, ট্রেনে কারা এসেছে আমরা বারবার জানতে চেয়েছি। কিন্তু সংশ্লিষ্টরা বারবার সব অস্বীকার করেছে। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ৫৪ জন যাত্রীর হিসাব পাওয়া গেছে। তাদের মধ্যে ৩১ জন সাধারণ যাত্রী ছিলেন। সাধারণ যাত্রী বহনের ফলে রাতেই ওই ট্রেনে অবস্থান করা রেলের ২৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে।
এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় অফিসের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, দেশের এই অবস্থায় স্বাস্থ্যবিভাগের কারো অনুমতি না নিয়ে সংশ্লিষ্টরা একটি ট্রেনে করে সিলেটে এতোজন মানুষ নিয়ে আসলেন, যেটা অত্যন্ত দু:খ এবং আশঙ্কাজনক।
ট্রেনে আসা ব্যক্তিদের তালিকা করে তাদের কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হবে বলে জানালেন ডা. আনিস।




