নগরীর হাউজিং এস্টেট লকডাউন


সিলেটে করোনাভাইরাসে চিকিৎসক আক্রান্ত হওয়ার পর প্রথমে তার হাউজিং এস্টেটের বাসা এবং পরে রাতে হাউজিং এস্টেট এলাকা লকডাউন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, ‘কেবল ওই চিকিৎসকের বাড়ি নয়, আমরা হাউজিং এস্টেটের মূল ফটক বন্ধ করে দিয়েছি। আপাতত কাউকে প্রবেশ করতে বা বাইরে বেরুতে দিচ্ছি না।’
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসককে রাতেই শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে। আক্রান্ত চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন এবং একটি প্রাইভেট হাসপাতালে নিয়মিত রোগী দেখতেন। এ খবরে চিকিৎসক ও রোগিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল বলেন, ‘তাকে (আক্রান্ত চিকিৎসক) রাতে শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
জানা গেছে, আক্রান্ত চিকিৎসকের বাসায় কিছুদিন আগে এক প্রবাসী আত্মীয় আসেন। তিনি চলে যাওয়ার পর থেকেই ওই চিকিৎসক অসুস্থবোধ করছিলেন। পরে তিনি নিজে উদ্যোগী হয়ে করোনা পরীক্ষা করালে তার দেখে করোনাভাইরাস শনাক্ত করা হয়। ধারণা করা হচ্ছে প্রবাসী আত্মীয়র সংস্পর্শে তিনি করোনা আক্রান্ত হয়েছেন। প্রবাসী ওই আত্মীয়কে খোঁজা হচ্ছে বলে জানা গেছে।
সিলেট সিটি করপোরেশনের হাউজিং এস্টেট এলাকার কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘ওই চিকিৎসক সকালে এলাকায় মর্নিংওয়াক করতেন। তবে তিনি কয়েকদিন ধরে মর্নিংওয়াক করেননি।’
এর আগে রবিবার সন্ধ্যার দিকে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম কোন রোগী শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।




