লিড নিউজ

পদত্যাগপত্রে সই করেছেন প্রধান বিচারপতি

ডেস্ক রিপোর্ট: বিদেশে অবস্থানরত প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগপত্রে সই করেছেন বলে তার পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

প্রধান বিচারপতির ছোট ভাই নরেন্দ্র কুমার সিনহা শুক্রবার রাত আড়াইটায় বিভিন্ন সংবাদ মাধ্যমকে বলেন, ‘তিনি আমাদের ফোন করে জানিয়েছেন শুক্রবার সকালে (বাংলাদেশ সময়) সিঙ্গাপুর থেকে কানাডা যাওয়ার আগে পদত্যাগপত্রে সই করেছেন।’ তবে পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে কিনা সংশ্লিষ্ট কোনো সূত্রে নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া রাত ২টার দিকে বেশ কয়েকটি টিভি চ্যানেল ‘প্রধান বিচারপতি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন’ বলে ‘ব্রেকিং নিউজ’ প্রচার করে।
সুপ্রিম কোর্টের অবকাশ শেষে আদালত খোলার আগের দিন গত দোসরা অক্টোবর ছুটিতে যান প্রধান বিচারপতি। পরে ১৩ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়েন ছুটিতে থাকা এস কে সিনহা। তারপর থেকেই দেশে ফিরে প্রধান বিচারপতি হিসেবে এস কে সিনহার দায়িত্বভার গ্রহণ নিয়ে সৃষ্টি হয় নানা সংশয়।

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও বেশ কিছু পর্যবেক্ষণ নিয়ে সরকারের সমালোচনার মুখে থাকা এস কে সিনহার ছুটির শেষ দিন ছিল শুক্রবার। আর এদিনই বিদেশ থেকে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান তিনি।

গত ২ অক্টোবর এক মাস ছুটির কথা জানিয়ে রাষ্ট্রপতি বরাবর চিঠি পাঠান প্রধান বিচারপতি, যার মেয়াদ ছিল ১ নভেম্বর পর্যন্ত। ছুটিতে থাকা অবস্থায় প্রধান বিচারপতির ১৩ অক্টোবর বা কাছাকাছি সময়ে বিদেশে যাওয়ার এবং ১০ নভেম্বর পর্যন্ত বিদেশে থাকার ইচ্ছা পোষণের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করতে ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। গত ১০ অক্টোবর বিদেশ যাওয়ার বিষয়ে পাঠানো ওই চিঠির পরিপ্রেক্ষিতে আইন মন্ত্রণালয় ১২ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে। এ হিসাবে শুক্রবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটির মেয়াদ শেষ হয়।

Related Articles

Back to top button