লিড নিউজসিলেট

‘গুজবে বিভ্রান্ত হবেন না’

সিলেট মিডিয়া ডেস্ক ।। করোনা ভাইরাস আতঙ্কে যখন পুরো দেশ এক ভয়ঙ্কর যুদ্ধে অবতীর্ণ ঠিক এমন সময় একটি গোষ্ঠী তৎপর হয়ে ওঠেছে গুজব ছড়াতে। বৃহস্পতিবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে গুজব ছড়ানো হয়। সিলেটেও এর ছায়া এসে পড়ে।
বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে এই গুজব বেশ দ্রুত ছড়াতে থাকে।

সামাজিক মাধ্যমের কল্যাণে গুজবের কারণে বিভ্রান্ত হন অনেক সচেতন মানুষও। তারা গুজবের সত্যতা নিশ্চিত হতে গণমাধ্যম কর্মীদের দ্বারস্থ হন।

যেকোনো প্রকার গুজব থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসন। সত্যতা যাচাই-বাছাই করে যেকোনো কিছু সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করারও অনুরোধ করেছে তারা। অন্যথায় একজন ব্যক্তির সামান্য ভুলের কারণে বড় ধরণের বিপদ সংঘটিত হতে পারে।

গুজব ছড়ানোর সাথে সংশ্লিষ্ট যেকোনো ব্যক্তির নাম-পরিচয় দ্রুত সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তা, কিংবা সিলেট মহানগর পুলিশের কন্ট্রোলরুমকে অবগত করার অনুরোধ জানানো হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মূসা  বলেন, একটি গোষ্ঠী সরকারের করোনা প্রতিরোধ কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন প্রকার গুজব ছড়িয়ে দিচ্ছে। এসব থেকে মহানগরবাসীকে সতর্ক থাকতে হবে। কোনো কিছুর সত্যতা শতভাগ নিশ্চিত না হয়ে কেউ কোনো কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন না। প্রয়োজনে পুলিশের সহযোগিতা নেন। যেকোনো প্রান্ত থেকে ৯৯৯ নাম্বারে ফোন করলেই পুলিশ সর্বোচ্চ ৫মিনিটের মধ্যে ব্যবস্থা নিবে। গুজবে বিভ্রান্ত হবেন না।

Related Articles

Back to top button