

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশি বোলারদের রীতিমত ঘাম ঝরিয়ে ছাড়ছিলেন ক্রেইগ আরভিন আর প্রিন্স মাসভরে। বাংলাদেশের বোলারদের কোনো সুযোগ না দিয়ে রক্ষণাত্মকভাবে খেলতে থাকেন তারা। দিনের শুরুতেই ১১১ রানের বড় জুটি গড়ে ফেলেন তারা।
অবশেষে ধীরে ধীরে জিম্বাবুয়ে যখন ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছিলো তখনই আঘাত হানেন অফ স্পিনার নাঈম হাসান। ইনিংসের ৪৯তম ওভারে দারুণ এক ডেলিভারিতে হাফসেঞ্চুরিয়ান মাসভরেকে (৬৪) ফিরতি ক্যাচ বানিয়েছেন এই অফস্পিনার।
পরের ওভারে এসে আবারও আঘাত। এবার নাইমকে রিভার্স সুইপ খেলতে গিয়ে ধরা ব্রেন্ডন টেলর। কপালটা খারাপই বলতে হবে এই ব্যাটসম্যানের। বল ব্যাটে লেগে দুই তিন ড্রপে স্ট্যাম্পে গিয়ে আঘাত হানে। ১০ রান করেন টেলর।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫৮ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৩ উইকেটে ১৪৫ রান। ক্রেইগ আরভিন ৬০ আর সিকান্দার রাজা ২ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন।
এদিকে, ৭ রানের মাথায় প্রথম উইকেট হারালেও পরে সেই ধাক্কা দারুণভাবে কাটিয়ে ওঠে জিম্বাবুয়ে। দ্বিতীয় উইকেটে অধিনায়ক ক্রেইগ আরভিন আর প্রিন্স মাসভরে ১১১ রানের জুটিতে দলকে ভালো অবস্থানে পৌঁছে দেন। তারপরই জোড়া আঘাত নাইমের।




