নবীগঞ্জে ষাড়েঁর লড়াইকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ: নিহত ১

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ষাড়েঁর লড়াইকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে সুজাত মিয়া(১৫) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। একই পরিবারের অন্তত ৮ জন আহত হয়েছেন। এঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে জলার ১ নং বড় ভাকৈর ইউনিয়নের আমড়াখাই গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
নিহত স্কুল ছাত্র উপজেলার আমড়াখাই গ্রামের আফর মিয়ার ছেলে। সে বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
ঘটনায় আহতরা হলেন- রনি মিয়া, ফয়জ উল্লাহ, সৈয়দুল নেহার(৪৫), আল-আমিন (২২), আব্দুল্লাহ (৭০), বাহার উল্লাহ, জসিম উদ্দিন। তাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা যায়, সোমবার গোচারণ অবস্থায় ফয়জুল্লাহর একটি ষাঁড় একই গ্রামের আব্দুল খালেকের একটি ষাঁড়ের মধ্যে লড়াই শুরু হয়। খবর পেয়ে ষাঁড়ের মালিক ফয়জুল্লাহ লোকজন বাধা প্রদান করলে আব্দুল খালেকের লোকদের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির পর্যায়ে পৌঁছে। সেই বিরোধের জের ধরে ্বআজ বুধবার দু’পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে স্কুল ছাত্র সহ আরো ৮ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে এদের মধ্যে সুজাতকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।খবর পেয়ে তাৎক্ষনিক নবীগঞ্জ থানা পুলিশের একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আতাউর রহমান ৪ জনকে জড়িত সন্দেহের কথা নিশ্চিত করেছেন।
নবীগঞ্জ বাহুবল সার্কেলের এ এস পি মোঃ রাসেলুর রহমান জানান, নিহত স্কুল ছাত্রের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।



