সিলেটে নাইম হত্যা : আটক আরও দুইজন

স্টাফ রিপোর্ট:
সিলেট মহানগরীর শাহপরাণ থানাধীন খাদিম বিআইডিসি এলাকায় ছুরিকাঘাতে নাঈম আহমদ (২২) হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা পাওয়ায় আরও দুজনকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেন- সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া এলাকার ৪৬ নং বাসার বাসিন্দা হেবল ফুলিয়ার ছেলে প্রিন্স হিমেল (১৬) ও একই এলাকার পুষ্পায়ন ১৩/১-এর বাসিন্দা হেলাল উদ্দিনের ছেলে মোহাম্মদ অলি আহমদ (১৭)।
এদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের। এ দুজনকে শুক্রবার (২২ জানুয়ারি) সন্ধ্যরাতে আটক করা হয় বলে জানান তিনি।।
এদিকে, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য খুব দ্রুত উদঘাটিত হচ্ছে বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। নাইমের মোবাইল ফোনের কল লিস্ট ও হত্যাকাণ্ড ঘটা এলাকার সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন সূত্র ধরে খুনের বিষয়ে পুলিশের ক্রাইম শাখা তদন্ত করছে। শনিবার দিনের মধ্যেই চাঞ্চল্যকর এ রহস্য উদঘাটন হবে বলে আশা করা হচ্ছে।
গত ১৯ জানুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে খাদিম বিআইডিসি এলাকার কৃষি গবেষণা খামারের শেষ প্রান্তে লেকের পাশ থেকে নাইমের রক্তাক্ত লাশ উদ্ধার করে এসএমপি’র শাহপরাণ থানাপুলিশ। এসময় নাইমের শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়।




