সুচন্দ্রা মুখার্জী’র একগুচ্ছ কবিতা

মানুষ টা এখনো ঘরে ফেরেনি
——————————-
আলগোছে বয়ে যায় সময়
নির্জন পাহাড়ে ঝুপ করে নেমে
আসে সূর্যাস্ত
আমার ছেঁড়া গোধুলিও বিষাদে
বিপর্যস্ত
খাপছাড়া জীবন শূন্যের কলমে
লিখছে ছেঁড়া ছেঁড়া কবিতা
কবোষ্ণ হৃদয়ের স্মৃতিকাতরতায়
আমি বৃন্তচ্যুত এক ছেঁড়া পাতা।
বাঁশঝাড়ের আড়ালে মেঘভাসি রাতে
রেখাবিহীন নিঃস্ব করতলে
কুয়াশাচ্ছন্ন পথের বাঁকে পড়ন্ত সাঁঝবেলায় অভিমান পড়ছে
গলে গলে
মানুষ টা আজও ঘরে ফেরেনি
অজান্তেই সময় চলে যায়
রাতের নীরবতার বিদীর্ণ আকাশে
বুনো রাত আকণ্ঠ ডুবে থাকে আঁধারে
বিষন্নতার সুর বাজে বাতাসে।
অগোচরেই রাত শেষ হয়ে যায়
আবেশের উপত্যকায় তোমাকে খুঁজতে
দু হাত বাড়ায়
এক ফালি বাঁকা চাঁদ রুধিরাক্ত রঙে
হৃদয়ের অদৃশ্য আবর্তে
কেবল আমাকে জড়ায়।
অসময়ে সময় কিছু মুহুর্ত রেখে যায়
তার ফেরার তুমুল প্রতীক্ষায়
বিমূঢ় আঘাতে মৌনতার চাদরে
কিছু বিবর্ণ অনুভূতিরা হারাবে অনির্বাণ
রাতের অন্ধকারে মন কেমনের প্রহরে
সুতীব্র দীর্ঘশ্বাসে অস্থি মজ্জা রক্তকণিকায় জমবে কিছু
জমাট অভিমান।
মানুষ টা আজও ঘরে ফেরেনি।

কি ভুল ছিল?
——————————
আমার ভালোবাসায় তো কোনো ভুল ছিলনা?
ক্ষুদ্র এ প্রাণে আন্দোলনের আভাস ছিলনা।
বৃষ্টি তো এসেছিল সেদিন ঝরোঝরো
ছন্দে আনন্দে
জীবনের ছন্দ কাটেনি রোজকার
ভালোমন্দে
সে প্রেমে ছিল ঝোড়ো বাতাসের উম্মাদনা
বাতাসের গ্রীবায় বেজেছিল বিচ্ছিন্নতার
বিষাদের সুর
এক লহমায় কালো মেঘে বৃষ্টিরা
ঝরেছিল খুব করে তোমার
বুকের গভীরে
লবণাক্ত স্বেদে অধীর অশ্রুনীড়ে
বিবাগী বাতাসে বৃষ্টিরা স্বপ্নের
জাল বুনেছিল হিজল জারুলের বনে
তবু কেন আমার বাসনা
স্বপ্ন হয়ে রয়ে গেল কবোষ্ণ
কামনার সংগোপনে?
প্রেমের বর্ণমালায় কেন শুধু
একরাশ জঞ্জাল?
প্রেমের অভুক্ত জরিমানায় কেন
উপেক্ষার ছাই আর সব বেহাল?
কি ভুল ছিল আমার ভালোবাসায়?
আমি আছি অনন্তর উপকণ্ঠে
প্রতীক্ষারত আশায়!

অপরাজিতা
———————-
অপরাজিতা তুমি নীচে নেমে এস ঐ বহুতল আবাসন থেকে
ঘুচিয়ে দাও মিথ্যা অহমিকার দম্ভ
রাতের মায়াবী অন্ধকার ভেদ করে চোখের আড়াল থেকে দেখতে কি পাওনা ঐ উজ্জ্বল আলোকস্তম্ভ?
অপরাজিতা বুঝতে পারনি আজও
ভালোবাসা হলো এক মুক্ত বিহঙ্গ
শাসনের বেড়াজালে প্রেমকে বাঁধতে
গেলেই হবে আমাদের স্বপ্নভঙ্গ?
আমি এই ময়লা প্যান্ট আর ছেঁড়া
সার্ট পরে দাঁড়িয়ে আছি ভাঙ্গা ল্যাম্পপোস্টের নীচে
বুকের ভাঁজে বিষাদ পুষে রেখনা
এই নগ্ন নির্জন অন্ধকারে
চুমুর উষ্ণ আবেগ আর অনুভূতি
স্বপ্ন দেখাও মিছে।
আমি তোমাকে পারবনা ভুলতে
অপরাজিতা
এই ক্ষয়াটে জীবনের বইবনা নিস্তব্ধতা
পার তো ক্ষমা করে দিও আমার
অস্তিত্বহীনতা।
অপরাজিতা আমরা আকাশে বাঁধব ঘর
পাহাড়ের চূড়া হবে আমাদের
এক টুকরো উঠোন
শেষ প্রহরে জোছনার চুমকির ছন্দে
তুমি অনুভবের শিহরণে বুঝবে আমার
মায়াবী আলিঙ্গন।
সিক্ত পলাশ বাসন্তী হাওয়ায় দোলাবে
তোমার আঁচল ওগো বহুতলবাসিনী
ধনীর কন্যা
সূর্য অস্তরাগে সান্ধ্য আবীরে প্রবর্ধমান
লাবন্যে ভরপুর তুমি যে রূপের বন্যা।
সমুদ্র খেলানো তরঙ্গের মত মখমলী
ঝরঝরে গোলাপী রঙ গায়ে অপূর্ব
সে মুগ্ধতা
হরিত সম্ভোগে সাগর সঙ্গমে প্রচ্ছন্ন
কামনার অভিষেকে আমার ভালোবাসাকে সেঁকে নাও অপরাজিতা
অনন্ত নীলাকাশ আর অসীম সাগরের
জলোচ্ছাসে হারিয়ে যাব আমরা দুজন
হৃদয় গভীরে তুমি আমি একাকার
ভালোবাসার সুনামীতে শুনব তোমার
রিনিঝিনি নুপুরের নিক্কন।
নীলাঞ্জন তুমি ফিরে যাও তোমার আমার জীবন কোনো দিন এক হবেনা
সুশীতল স্বপ্নপুরীর প্রলেপে আমাকে
জাগিওনা এ উচ্ছাস চিরন্তন রবেনা।
গল্পগুলো হয়েছে শেষ তলানিতে
জমেছে দ্বেষ রয়ে গেছে শুধু বিরহের
রেশ আর কিছুই নেই অবশেষ
মোটা দড়ি ছিঁড়তে ছিঁড়তে শুধু
একটা সূতো বাকি
বিচ্ছেদের যন্ত্রণা আর তোমাকে
হারানোর রক্তাক্ত ক্ষত আমি কোথায়
আর লুকিয়ে রাখি?
অহমিকা
————————
ক্ষয়াটে জীবন সেই একই আছে
শুধু ক্যালেন্ডারে দিন বদলায়
সব হারিয়ে যখন নিঃস্ব আমি
তুমি ভাবলে তুমি জিতে গেছ।
বিবেকের ধিক্কারে কর্কশ চিৎকারে যখন
উম্মত্ত আমি তুমি ভাবলে আগুন নিভিয়ে দিয়েছ তুমি?
যখন হিংস্র পশুর থাবায় জর্জরিত আমার মন ক্ষয়প্রাপ্তির দুর্গন্ধে
তুমি ভাবছ ভরিয়েছ মন?
হেরে যাওয়ার প্রহর গুনে নীল নির্জনে
যখন ইচ্ছেগুলো খোলামকুচি বেহিসেবী
আর সস্তা
আমার দুর্গত দূরবস্থায় তুমি ভাবলে
হুকুম তামিল করছ?
ধরা পড়ে গেলে আমার চোখে
অহমিকার দম্ভে পুড়ে মরছ
আজ আমি দারুণ শীতে সিক্ত
সর্বহারা দৈন্যপীড়িত নিঃস্ব আর রিক্ত
নীল রঙের ক্ষতগুলো রক্তাক্ত হৃদয়ে
লুকাতে আমি মগ্ন
ঘুণাক্ষরেও টের পাইনি মৃত্যু ই আমার
জীবনের সেই শুভ লগ্ন।
স্বপ্নসুখ
—————————-
গ্রহ থেকে গ্রহান্তারে উড়ে যেতে চাই;ডানায় আছে স্বপ্নসুখ
উড়ে যাব আরণ্যক ঠিকানায়
আকণ্ঠ ডুবে যাব আঁধারে অপার্থিব
গহীনে রাতের নীরবতায়।
রাঙতা মোড়ানো শৈশব;উজ্জ্বল কৈশোর টগবগে তারুণ্য মিশে যাব
বাতাসের জলচৌকিতে
আকাশের ঝুল বারান্দায়।
ডুবসাঁতারে হব সন্ধ্যাবাতি নয়তো
কোনো রাতজাগা জোনাকি
ঝিকিমিকি চাঁদের ছায়ায় রূপোলী
আলোর স্বচ্ছ মায়ায়।
মূর্ত হয়ে উঠব জ্যোৎস্না ধোয়া রাতে
আলোর ভাঁজে হব
কবিতার পাণ্ডুলিপি
নয়তো ধ্রুপদী আকাশে সান্ধ্য আবীরে
সুরেলা স্বরলিপি।
একাকী কোনো প্রাগৈতিহাসিক প্রহরে
ধূপ আর ধোঁয়াশার অন্তরালে
হব চাঁদ আর চকোরের মিলন ইতিহাস
অথবা কুমুদকসুমে চকিত চুম্বনে
স্তিমিত বীথিকায় দারুচিনি ফুলের সুবাস
বৃষ্টিরা এখনো খোঁজ পায়নি
বৃক্ষপল্লবছায়ে পাতারা সমাচ্ছন্ন হয়নি
বিহবল বিস্তারে রজতধারায় ভেসে গিয়ে
আমি শিশিরের ঝাপসা ঝালরে জড়িয়ে
নেব কস্তুরী ঘ্রাণ
অরণ্যকোষে পর্বতের উচ্চতম শিখরে
দীপালঙ্কৃত উপনিবেশ মহাসাগরের কুলে
মুঠো মুঠো স্বপ্নসুখে ভরিয়ে নেব প্রাণ।




