ফের বাড়ল বিদ্যুতের দাম


সিলেট মিডিয়া ডেস্কঃ আবারো বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিট প্রতি ৫ দশমিক ৩ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে বিদ্যুৎ নিয়ন্ত্রক সংস্থাটি।
এই দাম কার্যকর হবে আগামী ডিসেম্বর থেকে। গ্রাহক শ্রেণি নির্বিশেষে প্রতি ইউনিট (এক কিলোওয়াট ঘণ্টা) বিদ্যুতের দাম বেড়েছে গড়ে ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ।
বিইআরসির চেয়ারম্যান মনোয়ার ইসলাম বলেন, বিদ্যুৎ বিতরণ খরচ বাড়ায় বিদ্যুতের খুচরা পর্যায়ে মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতি ইউনিট (এক কিলোওয়াট ঘণ্টা) বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে গড়ে ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ। তবে বিদ্যুতের বাল্ক ভ্যালু(পাইকারী দাম) বাড়ানো হয়নি। তবে সাধারণ মানুষের কথা চিন্তা করে ৫০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের ন্যূনতম চার্জ প্রত্যাহার করা হয়েছে।
অবশ্য যদি কোনো গ্রাহক বিদ্যুৎ ব্যবহার না করে তাহলে তাকে ২৫ টাকা বিল দিতে হবে। আগে যা ছিলো ১০০ টাকা। এছাড়া নির্মাণ কাজে বিদ্যুতের ব্যয় ৫০ শতাংশ কমানো হয়েছে।
বিদ্যুতের এ দাম বাড়ানোর ফলে সরকারের ১৭শ’ কোটি টাকা আয় বাড়বে মনে করেন সংশিষ্টরা। উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালের ১ সেপ্টেম্বর বিদ্যুতের দাম গড়ে ২ দশমিক ৯৩ শতাংশ বাড়িয়েছিল সরকার। তাতে মাসে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের খরচ বাড়ে ২০ টাকা; ৬০০ ইউনিটের বেশি ব্যবহারে খরচ বাড়ে কমপক্ষে ৩০ টাকা।




