শিল্প ও সাহিত্য
আমি তখন অন্য শহরে


লিয়াকত হোসেন চৌধুরী
—————————–
হঠাৎ গতকালের গোলাপ হাতে
তুমি দাঁড়িয়েছো ছাদের কিনারে।
শহর তখন সন্ধ্যে সাজাতে ব্যস্ত,
কুয়াশার নিমন্ত্রণে নেমে আসছে রাত।
তোমার মনে পড়ছে গতকালের মতো
আর ফিরছিনা আমি এই রাস্তায়।
তোমার বুকের গভীরে কোথাও
ভাঙতে শুরু করেছে পাথর।
সব গলে যাচ্ছে, নীরবে নেমে আসছে এক স্রোত উত্তাল নদী।
আমিও তখন অন্য শহরে,
তোমায় নিয়ে কবিতা লিখছি।
ঠিক তোমার চোখে অশ্রু নামার আগে শোনাবো বলে।
হঠাৎ ঘুম নামার আগে
তুমি হিসেবের খাতা খুলে ক্লান্ত হয়ে আছো।
প্রতিদিনকার দরপতনের আঘাতে
আহত হৃৎপিন্ডের শরীর।
অজস্র না বলা কথারা
কড়া নেড়ে যাচ্ছে ঠোঁটের দরজার।
তুমি এ’পাশ ও’পাশে আমায় খুঁজছো ঠান্ডা দৃষ্টিতে।
তোমার বুকের ভেতর কেউ বলছে- “তুমি কাঁদো এবার”!
আমিও তখন অন্য শহরে,
তোমায় নিয়ে কবিতা লিখছি।
ঠিক তোমার চোখে অশ্রু নামার আগে শোনাবো বলে।




