লিড নিউজ

ডিসি অফিসের সামনে ইউপি সচিবদের অনশন

ডেস্ক রিপোর্ট : আন্দোলনরত ইউপি সচিবদের দাবিদাওয়ার কথা জাতীয় সংসদে তুলে ধরার আশ্বাস দিয়েছেন সাংসদ সেলিম উদ্দিন। রবিবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের অফিসের সামনে উপস্থিত হয়ে তিনি এমন আশ্বাস দেন।

দেশের ইউনিয়ন পরিষদগুলোর সচিবরা শিক্ষাগত যোগ্যতানুযায়ী বেতন ভাতা ও সম্মাণ পচ্ছেন না। সরকার তাদের তৃতীয় শ্রেণীর কর্মচারীর মর্যাদা দিয়ে রেখেছেন। আরও নানা বঞ্চনা থেকে মুক্তির জন্য রবিবার সিলেটসহ সারাদেশে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) ডাকে ১ দিনের অনশন কর্মসূচী পালন  করেছেন তারা।

সিলেট জেলা শাখার উদ্যোগে সকাল ১১টায় জেলা প্রশাসকের অফিসের সামনে তারা এ কর্মসূচী শুরু করেন। বিকেল ৪টায় এডিসি জেনারেলের একজন প্রতিনিধি এসে সভাপতির মুখে শরবত তুলে দিয়ে অনশন ভাঙ্গান। এর সাথে সাথেই শেষ হয় তাদের দিনব্যপী কর্মসূচী।

তাদের ৩ দফা দাবি হচ্ছে, পদবী পরিবর্তন করে মূখ্য কর্মকর্তা ও ১০ম গ্রেড স্কেলের মর্যাদা, শতভাগ বেতন ভাতা ও সরকারি সুযোগ সুবিধা প্রদান এবং পেনশন ব্যবস্থা নিশ্চত করণ।

সিলেটে অনশন কর্মসূচী চলাকালীন সভায় সভাপতিত্ব করেন, বাপসা সিলেট জেলা আহ্বায়ক কমিটির সভাপতি ও জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল কাইয়ুম।

সভা পরিচালনার দায়িত্বে ছিলেন বাপসা জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও বিয়ানীবাজারের শেওলা ইউনিয়ন পরিষদের সচিব আবুল কাশেম।

দুপুরের দিকে জকিগঞ্জ কানাইঘাট থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জাপা নেতা সেলিম উদ্দিন অনশনস্থলে উপস্থিত হন। তিনি আন্দোলনরত সচিবদের সঙ্গে কথা বলে সবাইকে আশ্বস্ত করেন, জাতীয় সংসদের আগামী অধিবেশনে তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরবেন।

এ সময় অনশনস্থলে উপস্থিত ছিলেন এমন আরও কয়েকজন জানিয়েছেন, সেলিম উদ্দিন সচিবদের বঞ্চনার কথা মনোযোগ সহকারে শোনেন এবং তাদের দাবি দাওয়াকে খুবই যুক্তিসঙ্গত বলে মত প্রকাশ করেন।

তিনি তাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে স্থানীয় সরকার পল­ী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথেও এ ব্যপারে কথা বলবেন বলে অনশনস্থলে ঘোষণা করেছেন।

সিলেটের গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, কানাইঘাট, জকিগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানগনও অনশনস্থলে উপস্থিত হয়ে আন্দোলনরতদের সাথে একাত্মতা ঘোষণা করেন।

Related Articles

Back to top button