সিলেট

দক্ষিণ সুরমায় ছাত্র খুনের ঘটনায় গ্রেফতার ২

সিলেটমিডিয়াডেস্ক :: সিলেটের দক্ষিণ সুরমার আলমপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এক ছাত্র খুনের মামলায় দুই কিশোরকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার তাদেরকে আদালতে হাজির করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট নগরীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

গ্রেফতারকৃতরা হলো- দক্ষিণ সুরমার আলমপুরের আবুল হোসেনের ছেলে কামরুল ইসলাম (১৬) ও ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার বারাকান্দি গ্রামের হারুন অর রশিদের ছেলে ফারুক আহমদ হৃদয় (১৫)।

র‌্যাব হস্তান্তরের পর গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছেন মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই সকালে আলমপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিটিয়ে তানভির হোসেন তুহিন নামের এক ছাত্রকে খুন করে তার কয়েক সহপাঠী। এ ঘটনায় ১০ জনকে আসামী করে মোগলাবাজার থানায় মামলা দায়ের হয়।

Related Articles

Back to top button