‘তাওবা ও ক্ষমা হল রূহানী চিকিৎসার অন্যতম মাধ্যম’


কে এম সুহেল আহমদ, কাতার থেকে: মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন দোহা কাতারের সভাপতি ও কাতার ধর্ম মন্ত্রনালয়ের ইমাম ও খতীব মুফতি মাওলানা ফরিদ আহমদ ফরিদী
আসন্ন রমজান মাসের তাৎপর্যের কথা উল্লেখ করে বলেন, রমযান মাসকে সবরের মাস বলা হয়েছে। এ মাসের রোজাকে মুসলমানদের উপর ফরজ করে দেয়া হয়েছে এবং রোজার মূল উদ্দেশ্য হল তাক্বওয়া অর্জন করা। অর্থাৎ সকল প্রকার পাপ কাজ থেকে বিরত হওয়া।
রমযান মাসের একটি নফল ইবাদতের সওয়াব একটি ফরজের সমতূল্য ও একটি ফরজ ইবাদতের সওয়াব ৭০ টি ফরজের সমতুল্য।এমনকি বনি আদমের সকল আমল দশগুণ থেকে ৭ শতগুণ বেশী সওয়াব বাড়িয়ে দেয়া হয়।
পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘ আব্দুল্লাহ বিন যায়েদ আল মাহমূদ ইসলামিক কালচারাল সেন্টার এর উদ্যোগে ও ‘মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন’ এর সার্বিক ব্যবস্থাপনায় বিগত ১৯ এপ্রিল( বৃহস্পতিবার) থেকে কাতারের শাখাগুলোর বিভিন্ন মসজিদে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় ৩ মে ( বৃহস্পতিবার) বাদ এশা দোহা নাজমার ‘নায়েলা বিনতে কাসেম আলছানী(১৯৪) সিগন্যাল মসজিদে মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন দোহা নাজমা শাখায় অনুষ্ঠিত ওয়াজ মাহফিলের প্রধান অতিথির নসীহত প্রদানকালে তিনি উপরিউক্ত কথাগুলো বলেন।
নাজমা শাখার সভাপতি মাওলানা শরিফ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি পবিত্র হাদীস শরীফের একটি বানী উল্লেখ করে আরো বলেন,
রমযান মাসে ৪টি কাজ বেশি বেশি করার জন্য আল্লাহ’র প্রীয় হাবীব( সাঃ) জোর তাগিদ দিয়েছেন। তম্মধ্যে প্রথমটি হলঃ কালিমাতুত তাওহীদ বেশি বেশি করে পড়া। অর্থাৎ এটি পড়ে ঈমানকে নবায়ন করতে হবে।
দ্বিতীয়তঃ বেশি বেশি তাওবা ইস্তেগফার করে আল্লাহ’র নিকট ক্ষমা চাওয়া। অর্থাৎ তাওবার অর্থ হল গুনাহ থেকে ফিরে আসা ও ইস্তেগফারের অর্থ হল ক্ষমা চাওয়া।এজন্য তাওবার ৪ টি শর্ত মানা জরুরী সেগুলোর মধ্যে- নিজেকে পাপের জন্য লজ্জ্বাবোধ বা অনুতপ্ত হওয়া, আগামীতে পাপকাজ না করা, মানুষের হক আদায় করা এবং ক্ষমা করে দেয়া। তাই তাওবা ও ক্ষমা হল রূহানী চিকিৎসার অন্যতম মাধ্যম। যে ব্যক্তি সব সময় আল্লাহ’র কাছে ক্ষমা চায় তবে মহান আল্লাহ সে ব্যক্তির সংকীর্ণতাকে দূর করে দেন।
তৃতীয়তঃ বেশি বেশি জান্নাতের আশা করা এবং চতুর্থতঃ বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাওয়া।”
সুতরাং সেই সফলকাম ব্যাক্তি যে আল্লাহ সুবহানাতা’লার কাছে বেশি বেশি জান্নাতের আশা করে জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে।
শাখার সেক্রেটারী সাংবাদিক ক্বারী মোঃ সুহেল আহমদের সঞ্চালনায় ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ রায়হান আহমদের পবিত্র ক্বোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারী মাওলানা মুশাহিদুর রহমান( ইমাম ও খতিব কাতার ধর্ম মন্ত্রনালয়), আল মামুরা শাখার সেক্রেটারী মাওঃ কামাল উদ্দীন, আল হেলাল শাখার সেক্রেটারী মাওঃ রফিকুল ইসলাম।
এছাড়া সংগঠনের সদস্যবৃন্দ সহ কাতারস্থ প্রবাসী বাঙ্গালী ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির মোনাজাতের মধ্য দিয়ে ওয়াজ মাহফিল শেষ হয়।




