জাতীয়

রিফাত শরীফ হত্যা মামলার আসামি রিশান ফরাজী গ্রেপ্তার

নিউজডেস্ক।।  বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার তিন নম্বর আসামি রিশান ফরাজীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেলেও তদন্তের স্বার্থে এ বিষয়ে আর কোনো তথ্য দেয়নি বরগুনার পুলিশ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বরগুনার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিশান ফরাজীকে গ্রেপ্তারের কথা গণমাধ্যমকে জানান বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মারুফ হোসেন বলেন, “মামলার প্রধান সাক্ষী মিন্নিসহ এখন পর্যন্ত ১৫ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকালে এ মামলার অন্যতম পলাতক আসামি রিশান ফরাজীকে গ্রেপ্তার করতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী।”

“মামলার প্রধান অভিযুক্ত নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে’ উল্লেখ করে পুলিশ সুপার বলেন, “এ মামলার চারজন অভিযুক্ত রিমান্ডে রয়েছেন।”

গ্রেপ্তার রিশান ফরাজীকেও আজই আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে বলে জানান জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।

এই ঘটনায় গ্রেপ্তারদের মধ্যে ১০ জন রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে তথ্য দেন পুলিশ সুপার মো. মারুফ হোসেন।

উল্লেখ্য, রিশান ফরাজী বরগুনা পৌরসভার ৪নং ওয়ার্ডের ধানসিঁড়ি রোডের দুলাল ফরাজীর ছেলে এবং ওই মামলার দ্বিতীয় আসামি রিফাত ফরাজীর ছোট ভাই।

Related Articles

Back to top button