নির্বাচনী সহিংসতায় জামায়াত নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, আহত ৫

গোয়াইনঘাট সংবাদদাতাঃ গোয়াইনঘাটের ফতেহপুর ইউনিয়নের বানিগ্রামে অবস্থিত জামায়াত নেতা সাইদুর রহমানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল ৩১শে ডিসেম্বর দুপুর ১২ টার দিকে আওয়ামী লীগ এমপি ইমরান আহমদ সর্মথকরা বিজয় মিছিল নিয়ে ফতেপুর বাজার প্রদক্ষিণ করে। বিজয় মিছিল শেষে ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ চৌধুরীর নেতৃত্বে ছাত্রলীগ যুবলীগ কর্মীরা সিলেট-৪ আসনের ২০দলীয় জোট ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য-সচিব জামায়াত নেতা সাইদুর রহমানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ চালায়।
হামলায় সাইদুর রহমান এবং তার স্ত্রীসহ পাঁচজন আহত হয়েছেন। এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসলেও বাড়ির গুরুত্বপূর্ণ জিনিসপত্র আগুনে পুড়ে গেছে। সাইদুর রহমান এবং তার স্ত্রীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
এ বিষয়ে জানতে চাইলে গোয়াইনঘাট থানার ওসি ময়নুল ইসলাম বলেন হামলার বিষয়ে আমরা জানতে পারিনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




