

নিউজ ডেস্ক: রংপুর জেলা ও মহানগর জাপার বেশ কয়েকজন নেতা নিশ্চিত করেছেন, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ আগামী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে ভোট দিতে রংপুর যাবেন না। ভোটের দিন ঢাকাতেই অবস্থান করবেন এরশাদ।
রংপুর সদর আসনে মহাজোট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বী জাপা চেয়ারম্যান এরশাদের পৈত্রিক বাড়ি রংপুর নগরীর নিউ সেনপাড়ায়। সেখানকার শিশু মঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার তিনি। সর্বশেষ রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ওই কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি।
রংপুর জেলা জাপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক জানান এরশাদ রংপুরে আসবেন কিনা তা তার জানা নেই। তবে নাম প্রকাশে অনিশ্চুক জাপার একজন শীর্ষ নেতা জানিয়েছেন এরশাদ শেষ পর্যন্ত ভোট দিতে রংপুরে আসবেন না।



