বিয়ানীবাজারে আগুনে পুড়লো ১২টি দোকান

বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের চারাবই বাজারে অগ্নিকান্ডে ১২টি দোকা পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার দিবাগত রাত ১টার দিকে বাজারের মুজম্মীল আলী মার্কেটে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।
জানা যায়, শনিবার রাতে বাজারের ব্যবসায়ী জাফর আগুন লাগার বিষয়টি দেখতে পেয়ে দোকানদারদের মোবাইল ফোনে জানান। তাৎক্ষনিক বিয়ষটি মাইকযোগে প্রচার করা হয়। জড়ো হতে থাকেন লোকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ছুটে এলেও চারাবই গ্রামে যাওয়ার রাস্তার শেওলা-বালিঙ্গা অংশে বড় যান নিয়ন্ত্রণ গেইটে আটকা পড়ে ফিরে আসে। আগুনে ব্যবসায়ী নজরুল, আলেক, নিজাম, জলিলসহ আর কয়েকজনের প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে।
শেওলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখতার হোসেন খান জাহেদ সংবাদ মাধ্যমকে বলেন, রাত ১টার দিকে মার্কেটে আগুন লাগে। কয়েক এলাকার শত শত মানুষের প্রচেষ্টায় আগুন নেভানো গেলেও ১০/১২টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।




