লিড নিউজ

কুলাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি: কোটি টাকা আয়

কুলাউড়া প্রতিনিধি :  কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নে অবস্থিত চাতলাপুর স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি করে বাংলাদেশ কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করছে। দিন দিন এই বন্দর ব্যবহার করে মাছ রপ্তানি বৃদ্ধি পাচ্ছে।

সূত্রে জানা গেছে- ২০১৫ সালের মাঝামাঝি সময়ে কুলাউড়া উপজেলা বর্তমান মৎস্য কর্মকর্তা জানতে পারেন চাতলাপুর স্থলবন্দর দিয়ে দু-একজন ভারতে মাছ রপ্তানি করছেন। কিন্তু রপ্তানিকারকদের মৎস্য অধিদফতরের কোন লাইসেন্স ছিলনা এবং মৎস্য অফিস থেকে কোন স্বাস্থ্যকরত্ব সনদও নিতেন না।

সে সময় কি পরিমাণ মাছ রপ্তানি হচ্ছে তার কোন তথ্যই মৎস্য অফিস জানতো না। সরকারের নির্ধারিত ফি না দিয়ে এবং স্বাস্থ্যকরত্ব সনদ ছাড়া মাছ রপ্তানি করার কারণে একদিকে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হত অপরদিকে রপ্তানিকারকরাও গুণগতমানসম্পন্ন মাছ রপ্তানি না-করার কারণে ভারতে বাংলাদেশের মাছের মান নিয়ে নেতিবাচক মনোভাব ছিল।

রপ্তানিকারকরা অনেক সময় খারাপ মানের মাছ পাঠানোর কারণে টাকা না-পেয়ে ক্ষতির সম্মুখিন হতেন। মাঝে ৮ মাস রপ্তানি বন্ধ ছিলো।

গত সেপ্টেম্বর মাসে পুনরায় রপ্তানি শুরু হয়। কুলাউড়া উপজেলায় উৎপাদিত মাছ ছাড়াও মৌলভীবাজার, হবিগঞ্জ, ময়মনসিংহ, যশোর অঞ্চল থেকে মাছ এই বন্দর দিয়ে ভারতে রপ্তানি করা হয়। রপ্তানিকৃত মাছের মধ্যে রয়েছে- রুই, কাতলা, তেলাপিয়া, পাঙ্গাস, কার্প ও পুঁটি ইত্যাদি।

সূত্র আরও জানায়- গত তিন মাসে কুলাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক ও স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি হয়েছে ৫৪ হাজার কেজি। এ থেকে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা আয় করেছে ১ লক্ষ ৩৫ হাজার ডলার।

যা বাংলাদেশী টাকায় প্রায় এক কোটি আট লক্ষ টাকা। কুলাউড়া মৎস্য অফিস রাজস্ব আদায় করে মৎস্য অধিদফতরের কোডে জমা দিয়েছে ১ লক্ষ ৩২ হাজার ৫শ’ টাকা। ৬ জন লাইসেন্সধারী মাছ রপ্তানিকারক এই বন্দর ব্যবহার করে ব্যবসা করছেন।

কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সুলতান মাহমুদ  জানান- এই স্টেশন ব্যবহার করে মাছ রপ্তানি শুরু হওয়ার পর থেকে দিন দিন রপ্তানি ঊর্ধ্বমুখি।

মাছ রপ্তানিকালে তিনি নিজে উপস্থিত থেকে স্বাস্থ্যকরত্ব সনদ দেন। সঠিক নিয়মে মাছ রপ্তানি করা হলে আরও এই বন্দর দিয়ে আরও বেশি মাছ রপ্তানি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Related Articles

Back to top button