সারাদেশ

পেঁয়াজ নিয়ে কী সুখবর আসলো

নিউজ ডেস্ক: পেঁয়াজের দাম প্রতিদিন হু হু করে বাড়ছে। বর্তমানে বাজারে ২২০-৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। আর এর মধ্যেই পেঁয়াজ নিয়ে সুখবর দিলেন চাষীরা।

আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যে নতুন পেঁয়াজ বাজারে আসবে। এ পেঁয়াজ বাজারে আসলেই দাম অনেকটা কমে যাবে বলে ধারনা করা হচ্ছে। তবে নতুন পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত পেঁয়াজের দাম কমার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

এদিকে লালমনিরহাটের তিস্তা নদীর চরঅঞ্চল ঘুরে দেখা যায়, চুরি হওয়ার ভয়ে কৃষকরা তাদের উঠতি পেঁয়াজ ক্ষেত রাত জেগে পাহারা দিচ্ছেন।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার হলদিবাড়ী গ্রামের কৃষক সফিকুল ইসলাম, হাসান আলী, খোরশেদ আলম জানান, আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যে তারা তাদের ক্ষেতের পেঁয়াজ তুলতে পারবেন। দুই এক দিন রোদে শুকিয়ে নেয়ার পরেই তারা তাদের উৎপাদিত পেঁয়াজ বাজারে বিক্রির জন্য তুলতে পারবেন। হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় তাদের রাত জেগে উঠতি পেঁয়াজ ক্ষেত পাহারা দিতে হচ্ছে। কষৃকরা এলাকা ভিত্তিক কয়েক দলে ভাগ হয়ে পালাক্রমে রাত জেগে দল বেঁধে তাদের ক্ষেত পাহারা দিচ্ছেন।

ওই এলাকার খাইরুল ইসলাম নামে এক কৃষক বলেন, এখন পেঁয়াজের দাম অনেক বেশি থাকলেও আমরা যখন পেঁয়াজ বাজারে তুলবো তখন দাম পাবো না। এক বিঘা জমিতে পেঁয়াজ চাষে ২৫ হাজার থেকে ২৮ হাজার টাকা পর্যন্ত খরচ হয়েছে। প্রতি বিঘায় ৩০ মন থেকে ৩৫ মন পর্যন্ত পেঁয়াজ উৎপাদন হবে। প্রতি মন পেঁয়াজ যদি দেড় হাজার টাকা দরে বিক্রি করা যায় তাহলে আমাদের কিছু লাভ হবে। কিন্তু আমরা যখন পেঁয়াজ তুলবো তখন প্রতি মণ পেঁয়াজ ১ হাজার টাকা দরে বিক্রি হবে। ফলে অনেক কৃষক পেঁয়াজ চাষে আগ্রহ হারিয়ে ফেলেছে।

লালমনিরহাট কৃষি বিভাগের উপ-পরিচালক বিধূ ভুষণ রায় বলেন, আমরা আশা করছি আগামী ১৫ দিন থেকে ২০ দিনের মধ্যে নতুন পেঁয়াজ বাজারে উঠবে। নতুন পেঁয়াজ বাজারে এলেই দাম ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে।

Related Articles

Back to top button