লিড নিউজ

আবারও আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৮ প্রার্থীকে জরিমানা

এসবিএন ডেস্ক:

কিশোরগঞ্জ সদর পৌরসভা নির্বাচনে আচরণবিধি না মানায় ছয় কাউন্সিলর প্রার্থীকে ১০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কিশোরগঞ্জ কালেক্টরেটের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবু তাহের মো. সাঈদ সোমবার রাতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে আর্থিক জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, নির্বাচনী আচরণবিধি না মেনে দেয়ালে পোস্টার লাগানোর অভিযোগে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল আলিম ও সাহাব উদ্দিন মোড়ল, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আরিফুল ইসলাম আরজু, মাহবুবুর রহমান ও সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া সভা করায় ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আজিজুল হক রবিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ পৌরসভায় আচরন বিধি ভঙ্গের অভিযোগে দুই মেয়রকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। তারা হচ্ছেন নৌকা প্রতীকে আওয়ামী লীগের কামরুল ইসলাম চৌধুরী ও জগ প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র হাজী আব্দুল কাইয়ুম। তন্মধ্যে কামরুল ইসলাম চৌধুরীকে পনেরো হাজার টাকা ও হাজী আব্দুল কাইয়ুমকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহি ম্যাজিস্ট্রেট মশিউর রহমান জানান, সোমবার আচরন বিধি ভঙ্গ করে মিছিল করার কারণে তাদেরকে এই অর্থ জরিমানা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button