প্রথম আলো নকল!


এ কে এম কায়সারুল আলম : খাদ্য বা ব্যবহারের জিনিসপত্র নয় এবার নকল ওয়েবসাইট বানিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে ।
জানাগেছে , প্রথম আলো অনলাইনের আদলে ওয়েবসাইট বানিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে । এ ব্যাপারে প্রথম আলো শনিবার রাজধানীর তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি করেছে প্রথম আলো কর্তৃপক্ষ ।
প্রথম আলোর সূত্রে জানাগেছে, সম্প্রতি প্রথম আলোর ওয়েবসাইটের আদলে একটি নকল সাইট তৈরি করেছে একটি মহল । নকল ওয়েবসাইটটির ডোমেইনে নামের বানান প্রথম আলো সাইটের নামের বানানের থেকে আলাদা । তবে খুব কাছাকাছি । সেখানে ভুয়া তথ্য দিয়ে বেশ কিছু বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করে তা ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে । সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রথম আলোর নামে পেজ তৈরি করেছে মহলটি ।
জিডিতে প্রথম আলো কর্তৃপক্ষ উল্লেখ করেছেন , প্রথম আলোর ওয়েবসাইটের ( https://www.prothomalo.com/) সঙ্গে অতিরিক্ত একটি “a” যুুক্ত করে ( https://www.prothomaalo.com/ ) সাইটি পরিচালন করা হচ্ছে ।
জিডিতে আরও বলা হয়, এর আগে চলতি বছরের ১ এপ্রিল এবং গত বছরের ২৬ অক্টোবর বিভ্রান্তিকর ওয়েবসাইট সম্পর্কে দুটি জিডি করা হয়। তখন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট দুটি ওয়েবসাইট শনাক্ত করে বন্ধ করে দেয়। পরে নতুন করে আবারও ভিন্ন নামে চালু করা হয়।
নকল ওয়েবসাইট ঘেটে দেখা গেছে, প্রথম আলোর লোগো ও সাইট লে-আউট হুবহু ব্যবহার করা হচ্ছে । আমাদের এ রিপোর্টারের পক্ষেও আসল – নকল বুঝে উঠা অনেক কষ্ট হয়েছে ।
প্রথম আলো কর্তৃপক্ষ মনে করে, কোনো অসৎ উদ্দেশ্যে এসব ওয়েবসাইট পরিচালিত হচ্ছে । এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জিডিতে অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে পাঠকদের সতর্ক থাকারও পরামর্শ দিয়েছে প্রথম আলো কর্তৃপক্ষ। এসব ভুয়া সাইটের সঙ্গে প্রথম আলোর কোনো সংশ্লিষ্টতা নেই। তাই এসব প্রতিবেদন কিংবা ওই সব সাইটে প্রকাশিত কোনো খবরের দায়ভার প্রথম আলো বহন করবে না।
এ ধরনের কোনো ওয়েব সাইট নজরে এলে লিংকসহ info@prothomalo.com ঠিকানায় জানানোর জন্য অনুরোধ করেছে প্রথম আলো কর্তৃপক্ষ।




