জকিগঞ্জে ব্যবসায়ীর টাকা ছিনতাই


জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জের কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী আবুল কালামের ৫০ হাজার টাকা ছিনতাই হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ব্যবসায়ী আবুল কালাম জানান, মঙ্গলবার মধ্যে রাতে কালিগঞ্জ বাজার থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে টমটম যোগে বাড়ি ফেরার পথে হাজারীচক এলাকায় যাওয়ার পর খাসেরা গ্রামের কুখ্যাত সন্ত্রাসী মজু আহমদ একদল ছিনতাইকারী নিয়ে তাকে মারধোর করে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জকিগঞ্জ সরকারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেছেন। বর্তমানে আবুল কালাম সিলেট এমএজি ওসমানী হাসপাতালের ৩ তলার ১১ নাম্বার ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এদিকে ব্যবসায়ীর টাকা ছিনতাইর ঘটনায় কালিগঞ্জ বাজারের ব্যবসায়ীরা কুখ্যাত সন্ত্রাসী মজু আহমদকে দ্রুত গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক বিচার দাবী করেছেন।
উল্লেখ্য, সন্ত্রাসী মজুর বিরুদ্ধে জকিগঞ্জ থানায় শিশু ধর্ষন, মাদকসহ একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার তদন্ত ওসি মুনিরুল হক বলেন, ছিনতাইর মত কোন ঘটনার কেউ অভিযোগ করেনি।




