শাল্লায় ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ


শাল্লা প্রতিনিধি : শাল্লায় ফসল হারিয়ে অনেকটাই দিশাহারা সব শ্রেণি পেশার মানুষ। ত্রাণ বিতরণে জনপ্রতিনিধিদের স্বজনপ্রীতি, দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ তোলে ধরেন বেশ ক’জন হতদরিদ্র নারী পুরুষ।
শুক্রবার শাল্লা উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের তাঁরা অভিযোগ করে বলেন, চেয়ারম্যান, মেম্বাররা নিজেদের আত্মীয়দের মধ্যেই চাউল দেয়, তাদের পছন্দের মানুষকেই বার বার চাউল ও টেকা দেয়। আমরারে কোন কিছু দেয় না। সব সময়ই আমরা তাদের কাছে আসি।
তারা বলে পরে তোামদের নাম দেওয়া হবে। বার বার টেকা-পয়সা খরচ করে ঘুঙ্গিয়ারগাঁও বাজারে আসি। তাদের কাছে গেলেই দূর দূর করে তাড়িয়ে দেয়।
বাহাড়া ইউপি’র ঘুঙ্গিয়ারগাঁও কলেজ রোডের বাসিন্দা জেসমিন আক্তার বলেন, আমার থ্যাইক্যা মেম্বার লিপটন দাস তার লোক প্রভাংশুকে দিয়া দুই হাজার টেকা নিছে। আমারে কোন কার্ড দিছে না।
হবিবপুর ইউপি’র রামপুর গ্রামের বাসিন্দা মিলন রাণী দাস বলেন, আমি চেয়ারম্যান মেম্বারের দ্বারে গেছি অনেকবার। আমারে কিছুই দেয় না। আমারে ধমক দিয়া খেদাইয়া দেয়। আমার ঘরে চাউল নাই। মেম্বাররা বড় বড় ধনীরারে রিলিফ দেয়। আমারে দেয় না।
এছাড়াও বাহাড়া ইউপিসহ বিভিন্ন ইউপি’র অনেক নারী-পুরুষ তাদের কখনো ত্রাণ দেয়া হয় না বলে জানান। কেউ কেউ আরো অভিযোগ করে বলেন, আইডি কার্ড নিয়ে গেলে কার্ড ছিঁড়ে ফেলে দেওয়ার জন্য কেড়েও নেয়।
২৬ মে শুক্রবার দুপুর ১টায় উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এসে সুবিধাবঞ্চিত নারীরা এসব কথাগুলো সাংবাদিকদের বলেন।
এব্যাপারে বাহাড়া (সদর) ইউপি’র মেম্বার লিপটন দাসের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জেসমিন আক্তারের অভিযোগটি অস্বীকার করেন।
হবিবপুর ইউপি’র মেম্বার টিপু সুলতানের সাথে কথা হলে তিনি ত্রাণ বিতরণে অনিয়মের কথা স্বীকার করেন।
উল্লেখ্য, শাল্লায় মেম্বার ছেলের মাধ্যমে দুই হাজার টাকা উৎকোচ গ্রহণের বিষয়টি ইতিপূর্বেও আলোচিত এবং সাংবাদিকদের চাপে আটগাঁও গ্রামের শেলু বিবি’র টাকা ফেরৎ দিয়েছে। যা ইতিপূর্বে বিভিন্ন
পত্র-প্রত্রিকায় প্রকাশিত হয়েছে। আবার এমনও দেখা গেছে, শাল্লা’র বাসিন্দাই নয়- এমন লোকও শাল্লা হতে ত্রাণ পাচ্ছে।




