রাজনীতিলিড নিউজ

সিলেট নির্বাচনের আগেই এমসি কলেজ ছাত্রলীগের নতুন কমিটি

অনলাইন ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ। সিলেটে ছাত্র রাজনীতির আঁতুড়ঘর বলে পরিচিত টিলাগড়ে অবস্থিত বিশাল এই বিদ্যাপিঠে রয়েছে বিভিন্ন ছাত্র সংগঠনের ঘনঘটা। প্রায় ১৭ হাজার শিক্ষার্থীদের পদচারনায় সর্বদা মুখরিত এমসি কলেজ থেকে ছাত্র রাজনীতি করে সরাসরি জাতীয় পর্যায়ে নেতৃত্বের স্বাক্ষর রাখার এমন অসংখ্য দৃষ্টান্ত রয়েছে গৌরবান্বিত এই কলেজের অনেক ছাত্রনেতার।

যেকারণে একসময় আসাম প্রদেশের একমাত্র এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি বাংলাদেশের ছাত্র সংগঠনগুলোর কাছে বিশেষ ভাবে মুল্যায়িত হয়। বিভিন্ন ছাত্রসংগঠনের ঘনঘটা থাকলেও বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম ঘাঁটি বলে পরিচিত টিলাগড়ের এই প্রতিষ্ঠানটি। ছাত্রলীগের যেকোনো সংকটে বরাবরই সাহসী ভূমিকা রেখে আসছে কলেজে থাকা সংগঠনটির ত্যাগী সব নেতাকর্মীরা। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে সিলেটে ছাত্রলীগের ঘাঁটি বলে বিবেচিত এমসি কলেজে প্রায় ১৬ বছর ধরে ছাত্রলীগের কোন কমিটি নেই।

জানা যায়, ২০০২-৩ সালে সর্বশেষ কমিটি ছিল। এরপর থেকে বিভিন্ন কারণে আর কোন কমিটি দেখা যায়নি ছাত্রলীগের শক্তিশালী এই ঘাঁটিতে। কোনরকম সুনির্দিষ্ট কারণ ছাড়াই প্রায় দেড় যুগ ধরে দেওয়া হচ্ছে না এমসি ছাত্রলীগের কোন কমিটি।

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী বলেন, বর্তমানে প্রায় প্রতিটা ক্ষেত্রেই গ্রুপিংটা চলে আসছে, এটা থাকবেই এজন্য কমিটি দেয়া হচ্ছে না বলে আমার মনে হয় না। তাছাড়া গ্রুপিং থাকলেও তো সব জায়গাতেই ধারাবাহিক ভাবে নতুন নতুন কমিটি দেয়া হচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও এমসি কলেজে বিগত ১৬ বছর যাবৎ কোন কমিটি নেই।

তিনি বলেন, নেতাদের মধ্যে কিছুটা মনস্তাত্বিক দ্বন্দ্ব থাকলেও এমসি কলেজে যারাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত তাদের মধ্যে তো কোন গ্রুপিং নেই। বার বার আশা দিয়েও কেন যে কমিটি দেয়া হচ্ছে না, এর কারণটা বলা কঠিন।

তিনি আরও বলেন, এসব গ্রুপিং-টুপিং কোন বিষয় না সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে কেন্দ্রীয় ছাত্রলীগ ইচ্ছে করলেই কমিটি দিয়ে ত্যাগী ছাত্রদের মুল্যায়িত করতে পারে।

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক হোসাইন আহমেদ জানান, গত কিছুদিন আগে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন এমসি কলেজে আসলে শীঘ্রীরই কমিটি দেয়া হবে বলে ঘোষণা দিয়ে যান। পরবর্তিতে উনাদের সাথে বার বার যোগাযোগ করা হলেও কোন কাজ হয়নি।

তিনি বলেন, আশা করছি কেন্দ্রীয় নতুন কমিটি বিষয়টা জুড়ালো ভাবে দেখবে।

সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর আলিম তুষার বলেন, গ্রুপিং আর যাইহোক কেন্দ্রীয় ছাত্রলীগের পুর্ণাঙ্গ কমিটি গঠিত হবার পরই সিলেটের অনেকগুলো নতুন কমিটি দেয়া হবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এর মধ্যে এমসি কলেজ অন্যতম।

তিনি বলেন, আশা করছি নির্বাচনের আগেই নতুন কমিটিগুলোর কাজ করবে কেন্দ্রীয় ছাত্রলীগ। ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী কলেজের যেসব নিয়মিত ছাত্র সরাসরি ছাত্রলীগের সাথে জড়িত তাদের হাতেই নতুন কমিটির দায়িত্ব দেওয়া হবে।

Related Articles

Back to top button