দোয়ারাবাজারে প্রতিপক্ষের হামলায় মহিলা নিহত


ছাতক প্রতিনিধি : দোয়ারাবাজারে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একমহিলা নিহত ও ১০জন আহত হয়েছেন। রোববার বিকেলে উপজেলার দোহালিয়া ইউনিয়নের দেওয়ান নগর গ্রামে এঘটনা ঘটে।
সোমবার বিকেলে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দেওয়ান নগর গ্রামের বাতির আলী পক্ষের লোকজন একই গ্রামের আব্দুন নূর-জালু মিয়ার পক্ষের লোকজনের সাথে সংঘর্ষে লিপ্ত হয়।
প্রায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আধা ঘন্টাব্যাপী সংঘর্ষে দু’পক্ষের কমপক্ষে ১০জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত নূরজাহান বেগম (৪৫) কে আশংকাজনক অবস্থায় সুনমগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতেই তার মৃত্যু ঘটে। সোমবার হাসপাতালে ময়না তদন্ত শেষে দেওয়ান নগরস্থ তার পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। আহতদের দোয়ারা ও সুনামগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের নাম জানা যায়নি। নিহত নূরজাহান বেগম অব্দুন নূর-জালু মিয়ার পক্ষের বলে জানা গেছে।
এব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এনামূল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকার অবস্থা এখন শান্ত রয়েছে। তবে এখনো থানায় কোন মামলা দেয়া হয়নি বলে জানান।




