জাতীয়লিড নিউজ

সংস্কার হচ্ছে সিরাজগঞ্জ-দাকুয়া নৌপথ

অনলাইন ডেস্ক: বাংলাদেশ-ভারতের মধ্যে নৌ ট্রানজিট কার্যকর করতে অবকাঠোমো উন্নয়ন করতে চায় সরকার। তাই ২২৭ কোটি ৪৬ লাখ টাকার ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

ফলে সিরাজগঞ্জ থেকে দাকুয়া পর্যন্ত নৌপথ সংস্কার করা হবে। এ কাজ বাস্তবায়ন করবে ধরিত্রী বঙ্গ জয়েন্ট ভেঞ্চার।

বুধবার (১৭ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।

কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রাষ্ট্রীয় কাজে বিদেশে থাকায় বৈঠকে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। কমিটির সদস্য ও মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ নাসিমা বেগম এ তথ্য জানান।

তিনি বলেন, ভারত-বাংলাদেশ যৌথভাবে বাস্তবায়নাধীন প্রটোকল নৌ-রুটের আওতায় সিরাজগঞ্জ থেকে দাকুয়া পর্যন্ত নৌপথ সংস্কার করা হবে। এ কাজে ব্যয় হবে ২২৭ কোটি ৪৬ লাখ টাকা। এর মধ্যে ৮০ শতাংশ দেবে ভারত এবং ২০ শতাংশ দেবে বাংলাদেশ। অর্থাৎ এটি যৌথ মূলধনে করা হবে।

নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ থেকে দাকুয়া পর্যন্ত নৌপথ ৩০ মিটার প্রশস্ত এবং ২ দশমিক ৫ মিটার গভীর করে খনন করা হবে। এ নৌপথ থেকে প্রায় ৩৬ লাখ ঘনমিটার বালি অপসারণ করা হবে। এ প্রকল্প বাস্তবায়নে সময় ধরা হয়েছে দুই বছর। বাস্তবায়নকরী প্রতিষ্ঠানকে পরবর্তী পাঁচ বছর এ প্রকল্প রক্ষণাবেক্ষণ করতে হবে।

Related Articles

Back to top button