

অনলাইন ডেস্ক: রাজশাহী নগরীতে ৬টি বিদেশি পিস্তলসহ ইমরান আলী (৩৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
শনিবার রাত ৯টার দিকে নগরীর সপুরা আহাম্মদ নগর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইমরান চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ধোবড়া এলাকার আল-আমিনের ছেলে।
র্যাব-৫ এর সিও লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নগরীর আহম্মদ নগর এলাকার এক আত্মীয়ের ভাড়া বাসায় অবস্থান করছিলেন ইমরান আলী। গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় র্যাব। এ সময় ৬টি পিস্তল, ৯টি ম্যাগাজিন এবং ৭৫ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।
তিনি আরও বলেন, আটক ওই ব্যক্তি অস্ত্র ব্যবসায়ী। আন্তর্জাতিক অস্ত্র চোরাচালানিদের সঙ্গেও যোগ রয়েছে তার। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



