

অনলাইন ডেস্ক : একুশে আগস্টে গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সোমবার দুপুরে মালিবাগ বাজার এলাকা থেকে শুরু করে খিলগাঁও রেলগেট পর্যন্ত এই মিছিল হয়।
স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের নেতৃত্বে পূর্বঘোষিত এই কর্মসূচিতে যুগ্ম সম্পাদক সাদরেজ জামান, আনু মোহাম্মদ শামিম, ঢাকা মহানগর দক্ষিণ সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রফিক দাওলাদার, লোবান, আবুল কালাম, কামাল, জুয়েল, সরদার নুরুজ্জামান, মোর্শেদ আলম এবং ঢাকা মহানগরের বিভিন্ন থানা-ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেয়।
গত ১০ অক্টোবর ২০০৪ সালের ২১ আগস্টে আওয়ামী লীগের মহাসমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় মতিঝিল থানায় করা হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবনের আদেশ দেয়া হয়। ৪৯ আসামির বাকি ১১ সরকারি সাবেক কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।




