সিলেট থেকে অপহৃত কিশোরী বড়লেখা থেকে উদ্ধার


বড়লেখা প্রতিনিধি: সিলেট থেকে অপহৃত কিশোরীকে মৌলভীবাজারের বড়লেখা এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব-৯। একই সাথে অপহরণকারীকেও গ্রেফতার করেছে র্যাব। অপহরণকারীর নাম মো. আব্দুল জব্বার (২৬)। সে মৌলভীবাজারের বড়লেখা থানার বোবারতলা গ্রামের আব্দুস সালামের পুত্র।
রোববার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায় র্যাব-৯ এর বিশেষ কোম্পানি সিলেট ক্যাম্পের একটি দল।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানিয়েছেন, জব্বার ৬ এপ্রিল কিশোরী সামিয়াকে (১৩) বিমানবন্দর থানা থেকে অপহরণ করে।
পরে সে মোবাইল ফোনে তার চাচাতো ভাই রিপনের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করলে সামিয়ার বাবা বিমানবন্দর থানায় একটি জিডি করেন।উদ্ধারকৃত কিশোরী ও গ্রেফতারকৃত আসামীকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে র্যাব’র কাছেও একটি অভিযোগ দেওয়া হয়। অপহরণের দুইদিন পর র্যাব সদস্যরা জীবত অবস্থায় সামিয়াকে উদ্ধার করতে সক্ষম হন।




