খেলাধুলালিড নিউজ

অজানা কারণে বন্ধ ছিল স্টেডিয়ামের গেইট !

অনলাইন ডেস্ক: বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের ম্যাচ ছিল বলে দর্শকদের মনে বাড়তি আগ্রহ ছিল । ম্যাচ শুরু ঘণ্টাখানের আগে থেকে তারা মাঠে আসতে শুরু করে। টিকেট কিনে যখন তারা মাঠে প্রবেশ করবে তখন দেখা যায় অজানা কারণে হঠাৎই সিলেট জেলা স্টেডিয়ামের ৪টি গেইট বন্ধ! তবে দায়িত্বশীল কেউ তখন বলতে পারেনি গেইটগুলো কেন বন্ধ করে দেয় হয়েছে। সোমবার বাংলাদেশ বনাম লাওসের খেলা শুরুর প্রায় ৪৫ মিনিট আগের গেইট গুলো বন্ধ করে দেওয়া হয় । তবে খেলা শুরুর ১০ মিনিট আগে খুলে দেয়া হয় ।

গেইটসহ স্টেডিয়ামের অভ্যন্তরে অন্যান্য স্থানে দায়িত্বে রয়েছেন প্রায় ৬০ জন ভলান্টিয়ার। তবে, কে বা কারা কিংবা কার আদেশে প্রবেশদ্বার বন্ধ করে দেয়া হয়, তা কেউই জানে না!

হেড অব ভলান্টিয়ার রুবেল আহমদ নান্নু জানান, ‘দর্শকদের চাপ সামলাতে হিমশিম খেতে হয়েছে দায়িত্বে থাকা ভলান্টিয়ার সদস্যদের। এর মাঝে কে বা কারা গেইট বন্ধ করে দেয় তা আমার জানা নেই।’

জেলা প্রশাসকসহ এসএমপি কমিশনারের সাথে এ ব্যাপারে আলাপ হয় প্রতিবেদকের। এসএমপি কমিশনার জানান, এ ব্যাপারে শুনেছি। কিন্তু কে বা কারা করেছে তা জানা নেই। পুলিশের দায়িত্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন করা। গেইট বন্ধ হওয়ার সাথে পুলিশের কোন সম্পর্ক নেই।

জেলা প্রশাসক নুমেরী জামান জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যকরী পরিষদ সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম জানান, বিষয়টি অত্যন্ত লজ্জাজনক এবং দু:খজনক। গেইট বন্ধের খবর পেয়ে তাৎক্ষনিক নিজে গিয়ে গেইট খুলে দেই। এ বিষয়ে আমি নিজেই বিষ্মিত। এ রকম কোন সিদ্ধান্ত আয়োজকদের পক্ষ হতে নেয়া হয়নি। কারণ দর্শকরা মাঠের প্রাণ। সিলেটের দর্শকদের কারণেই এখানে খেলা আয়োজনের সুযোগ আসে। গেইট বন্ধের বিষয়টি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত- তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Back to top button