ফেঞ্চুগঞ্জে ১৩ দিনেও সন্ধান মিলেনি নিখোঁজ স্কুল ছাত্রীর


ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জে রিনা নামক এক স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ১৩ দিন (বৃহস্পতিবার ২০ সেপ্টেম্বর) অতিবাহিত হতে চললেও এখন পর্যন্ত কোন সন্ধান পাচ্ছে না তার পরিবার ও পুলিশ। রিনা বেগম ঘিলাছড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী এবং পূর্ব যুধিষ্ঠিপুর গ্রামের মো. ইয়াছিন আলীর কন্যা।
জানা যায়, গত ৮ সেপ্টেম্বর রাতে স্কুল ছাত্রী রিনা বেগম নিজ বসতবাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজ ছাত্রীর পরিবারের সদস্যরা জানান, গত ৭ সেপ্টেম্বর রাতে প্রতিদিনের ন্যায় রিনা বেগম রাতের খাবার খেয়ে তার শয়নকক্ষে ঘুমাতে যায়। সকাল থেকে রিনাকে তার শয়নকক্ষে না পেয়ে স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছেনা।
স্কুল ছাত্রী রিনার পিতা মো. ইয়াছিন মিয়ার অভিযোগ-একই গ্রামের ছানা মিয়ার ছেলে বখাটে জাহেল মিয়া রিনাকে স্কুলে আসা যাওয়ার পথে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিলো। রিনা নিখোঁজ হওয়ার পর থেকে এলাকায় জাহেল মিয়াকে দেখা যাচ্ছেনা।
এ ব্যাপারে নিখোঁজ ছাত্রীর পিতা মো. ইয়াছিন মিয়া গত ৮ সেপ্টেম্বর ফেঞ্চুগঞ্জ থানায় সাধারন ডায়রি করেন।



