লিড নিউজ

প্রস্তুত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার

সিলেটমিডিয়াডেস্ক: চারদিকে চলছে কাজ। কেউ ঘষাঘষি করছেন, কেউ হোসপাইপে পানি ছেটাচ্ছেন, কেউ ঝাড়ু দিয়ে ঝাঁট দিচ্ছেন, কেউ রয়েছেন তদারকিতে। আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এরপর শুরু হবে ভাষা শহীদদের সম্মানে শ্রদ্ধাঞ্জলি।মঙ্গলবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে দেখা গেলো, একুশে ফেব্রুয়ারি সামনে রেখে প্রস্তুত হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। বুধবা্র ফুলে ফুলে ভরে যাবে পুরো শহীদ মিনার।

বুধবার (২১শে ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৮ যথাযোগ্য মর্যাদায় পালনে দিনভর কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর আগে দিনের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, অন্যান্য দফতর ও সব শিক্ষা প্রতিষ্ঠানসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হবে।

এদিকে, একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে এ এলাকার নিরাপত্তায় পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। সিসি ক্যামেরা ও সড়ক প্রতিবন্ধক স্থাপন করে পুরো এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাত ১১টার জিন্দাবাজার পয়েন্ট হতে চৌহাট্টা পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Related Articles

Back to top button