

নিউজ ডেস্ক: রক্তদাতা অনুসন্ধানমূলক মোবাইল অ্যাপস ‘ব্লাডমেট’ যাত্রা শুরু করেছে। বুধবার সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে এক উদ্বোধনী আয়োজনের মাধ্যমে অ্যাপসটি যাত্রা শুরু করে।
সিলেটের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আপনালয় বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় নির্মিত অ্যাপসটি তৈরি করে আইটি ফার্ম নার্ডসল্যাব। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক নিবা রঞ্জন দাশ।
আপনালয় বাংলাদেশের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুজহাত ইসলাম রিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আপনালয় বাংলাদেশের সভাপতি শিশির মনির।
নির্মাতারা জানান, এই অ্যাপস ব্যবহারের মাধ্যমে সিলেট বিভাগের যে কেউ জরুরি রক্তের প্রয়োজনে নির্দিষ্ট গ্রুপের ডোনারকে সহজে খুঁজে পাবেন। একই সাথে ব্লাড রিকোয়েস্ট দেওয়ার ফিচারও থাকছে অ্যাপসটিতে। অ্যাপসটি বর্তমানে গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে।
অনুষ্ঠানে একই সাথে আপনালয় বাংলাদেশের নিজস্ব ওয়েব পোর্টালেরও উদ্বোধন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী সংগঠক ইয়াছিন সুমন ও সাহিত্য পত্রিকা পিঁপড়া সম্পাদক মিনহাজ ফয়সল প্রমুখ।




