সিলেটলিড নিউজসিলেট বিভাগ

এবার ৪৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ: ক্রেতাদের দীর্ঘ লাইন

নিউজ ডেস্ক: সিলেটে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ কিনতে দীর্ঘ ভিড় করছেন ক্রেতারা। সকাল থেকে প্রখর রোদ উপেক্ষা করে সিলেটের তিনটি পয়েন্টে ক্রেতারা পেঁয়াজ সংগ্রহ করছেন।

সিলেটে চোরাই পথে আসা উদ্ধারকৃত পেঁয়াজ সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় নগরীর বঙ্গবীর রোডের মার্কাজ পয়েন্টে, কবি নজরুল অডিটোরিয়াম এলাকায় ও কিন ব্রিজের মোড়ে তিনটি ট্রাকে করে মোট ৭ টন পেঁয়াজ বিক্রি করে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তাদেরকে সহযোগিতা করছে সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।

সকাল ১০টায় বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও তার আগে থেকে ওইসব স্থানে সাধারণ মানুষ অপেক্ষা করতে থাকেন। পেঁয়াজ বিক্রি শুরু হলে লাইন দীর্ঘ হতে থাকে। প্রখর রোদে শিশু-বৃদ্ধা, নারী-পুরুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ নিতে দেখা যায়।

পেঁয়াজ পেয়ে সাকিব নামের এক কিশোর বলেন, দেড় ঘণ্টা লাইনে থেকে পেঁয়াজ পেয়েছি। আমাদের মত গরীব মানুষের জন্য এভাবে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি আরও বাড়াতে হবে।

টিসিবি সিলেটের ইনচার্জ মো. ইসমাইল মজুমদার বলেন, সকাল থেকেই আমরা খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করেছি। আমাদের ডিলার সরকার নির্ধারিত মূল্যে নগরের ৩টি পয়েন্টে ৩টি ট্রাকের মাধ্যমে পেঁয়াজ বিক্রি করছে।

প্রসঙ্গত, শুক্রবার (১৫ নভেম্বর) সিলেট শহরতলীর বটেশ্বর বাইপাস এলাকায় র‌্যাব-৯ পরিচালিত একটি অভিযানে ৭ হাজার ২শত কেজি পেঁয়াজ উদ্ধার করা হয়। পেঁয়াজগুলো ভারত থেকে সিলেটের তামাবিল বর্ডার হয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় আমদানির কাগজ দেখাতে না পারায় ট্রাক ও পিয়াজ জব্দসহ দুইজনকে আটক করা হয়। পরে এই পেঁয়াজগুলো প্রথমে নিলামে ওঠানোর কথা থাকলেও পরবর্তীতে টিসিবির মাধ্যমে খোলাবাজারে বিক্রি করার সিদ্ধান্ত হয়।

Related Articles

Back to top button