লিড নিউজ

বিয়ানীবাজারে তারাবীর পরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, মামলা দায়ের

নিজস্ব প্রতিনিধি : বিয়ানীবাজারে তুচ্ছ বিষয় নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ৩০জন আহত হয়েছেন।

রবিবার দিবাগত রাত ১০ টার দিকে মোল্লাপুর ইউনিয়নের পাতন গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য সংঘর্ষস্থল থেকে রাতে ৬জনকে আটক করে।

বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হলেও পরিস্থিতি থমথমে রয়েছে। থানায় মামলা হয়েছে। দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।
নিহত মুহিদুর রহমান মিন্টু (৫৫) পাতন গ্রামের ছওয়াব আলীর পুত্র। তার চাচাতো ভাই সুয়েদ আহমদ নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
জানা যায়, মোল্লাপুরের পাতন গ্রামের জামে মসজিদেরেএকটি বাল্ব লাগানোকে কেন্দ্র করে এক পর্যায়ে রেজা ও তার সমর্থক এবং নোমান ও তার সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হন। আহতদের বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত মিন্টুকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে মারা যান।
নিহত মুহিদুর রহমান মিন্টুর ভাই আসুক আহমদ বাদী হয়ে আজ সোমবার সকালে বিয়ানীবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুুলিশ জানায়, আসুক আহমদ মামলার এজাহারে ৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২/৩জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং (৩)- ১২-০৬১৭। মামলার এজাহারে রুমান, সাবুল, ফখর ও আজিজসহ নয় জনের নাম উল্লেখ রয়েছে।
এদিকে নিহত মিন্টুর স্বজনরা মামলা এজাহারে উল্লেখিত আসামীদের ছবি ফেসবুকে আপলোড করে তাদের আটক করার জন্য পুলিশকে সগযোগিতা করার অনুরোধ জানিয়েছেন। ফেসবুকে আপলোড হওয়া এসব ছবিগুলো দ্রুত ছড়িয়ে পড়ে।
বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, কাউকে এখনো আটক করা হয়নি। ঘটনাস্থলে এলাকার ৬জনকে পেয়ে পুলিশ সংঘর্ষের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতার করা হবে।

Related Articles

Back to top button