

নিউজ ডেস্ক: ভারত থেকে ফেরা এক যুবককে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত কিনা, তা নিশ্চিত হতে তার শরীরের রক্ত, ঘাম ও মুখের লালার নমুনা ঢাকায় আইইডিসিআরে পাঠানো হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।
তিনি জানান, ওই যুবকের বাড়ি মৌলভীবাজারে। তিনি ভারতে ছিলেন। গতকাল শুক্রবার যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে তিনি দেশে ফিরেন।
আনিসুর রহমান আরো জানান, আজ শনিবার সকালে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এসে ভর্তি হন তিনি। তবে তার শরীরে করোনাক্রান্ত হওয়ার মতো কোনো উপসর্গ দেখা যায়নি। পুরোপুরি নিশ্চিত হতে তার শরীরের প্রয়োজনীয় নমুনা আজই ঢাকায় পাঠানো হচ্ছে।




