

নিউজ ডেস্ক।। ছাত্রলীগের নতুন নেতৃত্ব নির্বাচনে বয়সসীমা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেতৃত্ব নির্বাচনে বয়সসীমা ২৭ থেকে এক বছর বাড়িয়ে ২৮ বছর করার ঘোষণা দিয়েছেন তিনি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।
শেখ হাসিনা বলেন, এই কমিটির মেয়াদ নয় মাস আগেই পেরিয়ে গেছে। কেউ যাতে বঞ্চিত না হয় সে জন্য ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচনের বয়স ২৭ থেকে ২৮ বছর পর্যন্ত বৃদ্ধি করা হলো।
তিনি বলেন, ‘বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছিল আওয়ামী লীগ। সেই সংগ্রামেও ছাত্রলীগ ছিল। ‘৬৯ এর গণঅভ্যত্থানে ছাত্রলীগের ভূমিকা আছে। আমিও ছাত্রলীগের একজন কর্মী ছিলাম। মুক্তিযুদ্ধেও এ সংগঠনের অবদান আছে। আমাদের বহু সহকর্মী প্রাণ দিয়েছিল মহান মুক্তিযুদ্ধে।’
ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দের সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন শেখ হাসিনা। বক্তব্যের শুরুতে সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ চার জাতীয় নেতা, একাত্তরে নির্যাতিত মা-বোনের প্রতি শ্রদ্ধা জানান তিনি। তিনি বলেন, ‘৭৫-এর পরে দেশে ফিরে এসেছিলাম একটাই উদ্দেশ্যে তা হলো- মহান মুক্তিযুদ্ধের চেতনায় আবার দেশকে গড়ে তোলা। দেশকে আবার বিশ্বমর্যাদায় অধিষ্ঠিত করার জন্যই আমি দেশে ফিরে এসেছিলাম।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭০ সালের নির্বাচনে ছাত্রলীগ দুয়ারে দুয়ারে গিয়েছে নৌকায় ভোট চাওয়ার জন্য। ১৯৭৫-এর পর ক্যান্টনমেন্ট থেকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য ছাত্রলীগ ভূমিকা রেখেছে। বিএনপি-জামায়াত অস্ত্র দিয়ে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের বিপথে নিয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমন পরিস্থিতি থেকে ফিরিয়ে আনতে ভূমিকা রেখেছে ছাত্রলীগ।
মহাকাশে বাংলাদেশের স্যাটেলাইট উৎক্ষেপণ না হওয়ায় কোনো দুশ্চিন্তা নেই বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা নিয়ে মন খারাপও করা যাবে না। তিনি সম্ভাব্য এ উৎক্ষেপণকে ‘আকাশ জয়’ বলেও মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, মাত্র ৪৬ সেকেন্ড আগে মহাকাশে স্যাটেলাইট পাঠানো যাবে না বলে জানানো হয়। এটা যান্ত্রিক কারণে হতে পারে। তিনি বলেন, আকাশে মেঘ জমলে, বায়ুর ঘনত্ব বাড়লে স্যাটেলাইট পাঠানো যাবে না। আজ আমেরিকার সময় ৪টায় (বাংলাদেশ সময় রাত ২টা) আবার উৎক্ষেপণ করার সময় নির্ধারণ করা হয়েছে। এটা না হলে আরেকটা স্লট দেবে।
তিনি বলেন, স্যাটেলাইট উৎক্ষেপণ আমি নিজে দেখেছি। মহাকাশের নির্দিষ্ট জায়গায় এটা পৌঁছাতে সময় লাগবে ১০ দিন। এই ধরনের ঘটনা স্বাভাবিক। এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। মন খারাপ আমারও হয়েছিল। কিন্তু এটা স্বাভাবিক ঘটনা।




