

সিলেটমিডিয়াডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা শেষে শনিবার দুপুর একটা ৩২ মিনিটের দিকে তাকে বহনকারী গাড়ি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে যায়। এর আগে বেলা ১১টা ৩৩ মিনিটের দিকে কারাগার থেকে খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে আনা হয়। এরপর তাকে কেবিন ব্লকের ৫১২ নম্বর কেবিনে রাখা হয়।
সেখান থেকে কেবিন ব্লকের প্যাথলজি বিভাগে পরীক্ষার জন্য খালেদা জিয়ার রক্ত নেয়া হয়। এরপর দুপুর পৌনে একটার দিকে তাকে শারীরিক পরীক্ষা করতে রেডিওলজি ও ইমেজিং বিভাগে নেয়া হয়। এখানে এক্স-রে ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা শেষে সাবেক এই প্রধানমন্ত্রীকে কারাগারে নেয়া হয়। হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন তার আইনজীবী ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে কারা কর্তৃপক্ষ হাসপাতালে আনেন। সেখানে ডা. ওয়াহেদুজ্জামান ও ডা. এফ এম সিদ্দিকী তার সঙ্গে কথা বলেন। পরীক্ষা-নিরীক্ষা করেন।’ তিনি বলেন, ‘এখনই আমরা তার সমস্যাগুলো জানতে পারিনি। পরীক্ষার রেজাল্ট আসার পর সেটি জানা যাবে এবং সে অনুযায়ী চিকিৎসকরা পরবর্তী ব্যবস্থা নিবেন।’
খালেদা জিয়ার আসার খবরে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাসপাতাল এলাকায় জোড় হন। সেখান থেকে অন্তত ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এছাড়া খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে হাসপাতালে আসেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান এবং মেয়ে মেয়ে জাফিয়া ও জাহিয়া রহমান। কিন্তু, কারা কর্তৃপক্ষের অনুমতি না থাকায় তারা দেখা করতে পারেননি।
গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছর কারাদণ্ড দেন বিচারিক আদালত। ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন। ইতোমধ্যে বিচারিক আদালতের রায় বাতিল এবং জামিন চেয়ে খালেদা জিয়া হাইকোর্ট আপিল করেছেন।
বিভিন্ন সময়ে বিএনপি নেতারা দাবি করেছেন, খালেদা জিয়া নির্জন কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন। এজন্য তার ব্যক্তিগত চিকিৎসকদের দিয়ে চিকিৎসা সেবা দেয়ার অনুমতিও চেয়েছেন তারা। কিন্তু, এখন অব্দি সে অনুমতি মেলেনি।
এরই মধ্যে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন ঢাকা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের প্রধান অধ্যাপক মো. শামসুজ্জামান।
বোর্ডের অন্য সদস্যরা হলেন- ডা. মনসুর হাবীব (নিউরোলজি), টিটু মিয়া (মেডিসিন) ও সোহেলী রহমান (ফিজিক্যাল মেডিসিন)। এই মেডিকেল বোর্ড গত সপ্তাহে কারাগারে বিএনপি চেয়ারপারসনকে দেখে এসে জানিয়েছিল, তার অসুস্থতা গুরুতর নয়।
কিন্তু, গতকাল শুক্রবার বিকেলে কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি সাংবাদিকদের জানান, ‘ম্যাডামের স্বাস্থ্য খুব একটা ভালো নয়। তার আর্থরাইটিসের সমস্যা বেশ বেড়ে গেছে। হাঁটতেও কষ্ট হয়। যেটাকে কিছুটা স্নায়ুবিক সমস্যা বলা হয়, সেটাও দেখা দিয়েছে। সত্যিকার অর্থেই তিনি কিছুটা স্বাস্থ্য সমস্যায় পড়েছেন।’
এ সময় তিনি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের কারাগারে যাওয়ার অনুমতিও দাবি করেন।



