লিড নিউজসিলেট বিভাগ

যুবকের গোপনাঙ্গ কাটা লাশ উদ্ধার, স্ত্রী পলাতক!

নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় শরীরের বিভিন্ন জায়গায় আঘাত চিহ্ন ও গোপনাঙ্গ কাটা অবস্থায় নিজাম আহমদ (৪০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নগরীর ছড়ারপারের মৃত আব্দুল মান্নানের ছেলে।

বৃহস্পতিবার সকালে নগরীর মোমিনখলা এলাকার গফফার মিয়ার বাসা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। ঘটনার পর থেকে তার স্ত্রী পলাতক রয়েছেন।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, নিজামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্ত্রী ও দুই সন্তানকে পাওয়া যাচ্ছে না। পারিবারিক বিরোধের জেরে স্বামীকে হত্যার পর স্ত্রী পালিয়েছেন বলে ধারণা করছে পুলিশ।

স্ত্রী ও সন্তানদের নিয়ে মোমিনখলায় গফফার মিয়ার বাসায় দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন নিজাম। বৃহস্পতিবার সকালে কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ জানায়, বুধবার রাতের কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় নিজামকে খুন করা হয়। তার মাথায় গভীর ক্ষত, হাতে আঘাতের চিহ্ন এবং গোপনাঙ্গ দ্বিখণ্ডিত অবস্থায় পাওয়া গেছে।

ওসি আখতার হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহত ব্যক্তির শ্বশুরবাড়ি ফেঞ্চুগঞ্জ উপজেলায় পুলিশ পাঠানো হয়েছে। তার স্ত্রীকে পাওয়া গেলে হত্যাকাণ্ডের নেপথ্য কারণ জানা যেতে পারে।’

Related Articles

Back to top button