

সোমবার দুপুরের আগে আগে সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের গাতিয়াডাঙ্গায় এক মাদ্রাসার মাঠে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও একজন স্থানীয় জনপ্রতিনিধি জানান।
নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাসলিমা আক্তার বলেন, কেএসআরএম কারখানার মালিকপক্ষ প্রতি বছর রোজার আগে স্থানীয় দুস্থদের মধ্যে ইফতারি তৈরির বিভিন্ন সামগ্রী বিতরণ করে। এর ধারাবাহিকতায় সোমবার নলুয়ায় ওই মাদ্রাসার মাঠে ইফতার সমাগ্রী বিতরণের ব্যবস্থা হলে সকাল থেকে প্রায় ২০ হাজার লোক জড়ো হয় সেখানে। একপর্যায়ে প্রচণ্ড গরমে তাদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। এসময় পদদলিত হয়ে ঘটনাস্থলে ১১জনের মৃত্যু হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার (দক্ষিণ) এমরান ভুঁইয়া বলেন, ভিড়ের মধ্যে অতিরিক্ত গরমে হিট স্ট্রোকে মানুষের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত আমরা ৯ জনের লাশ পেয়েছি।
অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার রেজাউল মাসুদ জানান, যে নয়জনের লাশ উদ্ধার হয়েছে, তাদের সবাই নারী। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি পুলিশ ।
কেএসআরএমের কর্মকর্তা মো. রফিক বলেন, তাদের কোম্পানির পক্ষ থেকে সকালে দুস্থ-গরিবদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছিল। সে সময় অতিরিক্ত ভিড়ের মধ্যে পড়ে হতাহতের ঘটনা ঘটে।
২০০৭ সালেও একই কোম্পানির পক্ষ থেকে ইফতার সামগ্রী দেয়ার সময় ছয়জন নিহত হয়েছিলেন।




